ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ইফতার মাহফিলে মারা গেলেন খেলাফত মজলিসের আমির

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৪৯, ৭ এপ্রিল ২০২৩  

নারায়ণগঞ্জে একটি ইফতার মাহফিলে হঠাৎ করেই মৃত্যু হয়েছে খেলাফত মজলিস বাংলাদেশের আমির মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ইফতারের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস ওই ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী। দ্রুত তাঁকে শহরের চাষাঢ়ায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাঁরা জানান।

জাহিদ হাসান আরও বলেন, মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরীকে গোসল করানো শেষে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হবে মৌলভীবাজারে।

ইসলাম হার্ট সেন্টারের চিকিৎসক শাওন শাহরিয়ার প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি, খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী মারা গেছেন। তবে এ বিষয়ে আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি।’

সর্বশেষ
জনপ্রিয়