ঢাকায় শুরু পোশাকখাতের সবচেয়ে বড় আয়োজন ইনটেক্স বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকায় ইনটেক্স বাংলাদেশ এক্সপো’র ১৪তম আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর আইসিসিবি’তে এর উদ্বোধন করেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান। আগামী ১ জুন পর্যন্ত চলবে এই এক্সপো। এতে অংশ নিচ্ছে ভারত, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও তাইওয়ানসহ ৭টি দেশের দুইশ’র বেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গার্মেন্টস পণ্য উৎপাদক, সরবারহকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠান।
তিন দিনব্যাপী এ এক্সপো বাংলাদেশ, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করবে। এক্সপোতে সুতা, কাপড়, ডেনিম কাপড়, রং, রাসায়নিক উপকরণসহ পোশাক তৈরির বিভিন্ন উপকরণ এবং প্রয়োজনীয় উপাদান প্রদর্শিত হবে।
ইনটেক্স বাংলাদেশ ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেক্সপ্রোসিল এবং পেডেক্সিলের সহযোগিতায় মেড ইন ইন্ডিয়া টেক্সটাইল প্যাভিলিয়নে ১০০টির বেশি ভারতীয় কোম্পানির পাশাপাশি ‘চায়না প্যাভিলিয়ন’ নিয়ে এসেছে। গত দুই বছরে বিভিন্ন ক্যাটাগরিতে আন্তর্জাতিক বাজার থেকে ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
উদ্বোধনে প্রধান অতিথি বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক নুরুজ্জামান বলেন, পোশাক খাতের সম্প্রসারণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। গার্মেন্টস শিল্পের বিশ্ব বাজারে বাংলাদেশের শেয়ার বৃদ্ধি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ইনটেক্স বাংলাদেশ ২০২৪ এর মতো আয়োজন নিশ্চিতভাবে আমাদের দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ে সহযোগিতা করবে।

বিশেষ অতিথি বিজিএমইএ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, আমাদের গার্মেন্টস খাতের বিস্তারে পণ্যের বৈচিত্র্যতা আনার কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি বাজার তৈরিতে আঞ্চলিক সম্পর্ক ও সহযোগিতা দরকার। পোশাক খাতে সংযুক্ত দক্ষিণ এশিয়ার নানা দেশের সঙ্গে মেলবন্ধনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ ও দ্বার উন্মোচনে বিজিএমইএ প্রস্তুত রয়েছে।
ইনটেক্স বাংলাদেশের আয়োজক এবং ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আরতি ভগত বলেন, পোশাকশিল্পে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এ খাত সংশ্লিষ্ট বিবিধ কাঁচামালের জন্য নানা দেশের ওপর ভরসা রাখে। এজন্য ইনটেক্স বাংলাদেশের মতো গ্লোবাল সোর্চিং প্ল্যাটফর্ম শুধু অগ্রাধিকারই নয়, প্রয়োজনও বটে। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাপ্লাই চেইন, পণ্য উৎপাদনে ঘাটতি পূরণ, এবং উদ্ভাবনী মনোযোগ বৃদ্ধিসহ বাংলাদেশে গার্মেন্টস উৎপাদনকারীদের সহায়তায় কাজ করছে ইনটেক্স বাংলাদেশ।
ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার উদ্যোগে ইনটেক্স বাংলাদেশের এ আয়োজনের সহযোগী হিসেবে আছে ভারতীয় প্যাভিলিয়নের সংগঠক টেক্সপ্রোসিল ও পেডেক্সিল, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
এ মেলা টেক্সটাইল শিল্পে নেটওয়ার্কিং, দক্ষতা বিনিময়, সহযোগিতা, নতুন অংশীদারত্ব বৃদ্ধি এবং এ শিল্পের সম্প্রসারণের মজবুত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








