ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয়দের ২.৭ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

কক্সবাজার এবং ভাসানচর দ্বীপের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সাধারণ মানুষদের জন্য বাংলাদেশের ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ) সংস্থাকে ২.৭ মিলিয়ন ডলার সহায়তা করেছে জাপান সরকার। শরণার্থী অঞ্চলে নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টি সংক্রান্ত বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য এ অর্থ সহায়তা দেয়া হয়।

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমোনারি এবং ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইন-চার্জ এমা ব্রিংহাম-এর স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাপান দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমোনারি এবং ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইনচার্জ এমা ব্রিংহাম-এর উপস্থিতিতে এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহযোগিতার জন্য এক প্রকল্পের আওতায় এই সহায়তা করা হয়। প্রায় ১ লাখ ৭৬ হাজার বাস্তুচ্যুত শরণার্থীদের তাদের শিক্ষা, পুষ্টি, স্যানিটেশন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রকল্পটি কাজ করছে।

এ প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট যত দীর্ঘায়িত করা হচ্ছে, রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎও তেমন কঠিন হয়ে পড়ছে। এ ব্যাপারে জাপান মিয়ানমারের দ্রুত প্রত্যাবাসনসহ টেকসই সমাধানের জন্য কাজ করবে। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নে ইউনিসেফসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা করবে জাপান সরকার।

জাপানের এই বিশেষ সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের সংকট মোকাবিলা করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ প্রকাশ করেন।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের অন্যান্য শিশুদের মতো রোহিঙ্গা শিশুদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ এখন সংকটের মুখে। পাশাপাশি নিরাপদ পানি এবং স্যানিটেশনের অভাবে তাদের জীবনে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। জাপান সরকারের এই সহায়তা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করবে বলে মনে করেন এই প্রতিনিধি।

২০১৭ সাল থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে যাচ্ছে জাপান। এ পর্যন্ত ইউনিসেফ ও জাতিসংঘের অন্যান্য এজেন্সি এবং বাংলাদেশের এনজিওগুলোর মাধ্যমে ২২০ মিলিয়ন ডলারের অধিক সহায়তা প্রদান করেছে দেশটি।

সর্বশেষ
জনপ্রিয়