ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

দেশে কত শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৩, ৩০ নভেম্বর ২০২৩  

বর্তমানে দেশে ২৫ দশমিক ৩৫ শতাংশ মানুষের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে ৩৯ দশমিক ১১ শতাংশ মানুষের।

দেশের ৩৯ দশমিক ১১ শতাংশ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে ২০২২-এর জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ২৫ দশমিক ৩৫ শতাংশ মানুষের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ৩১ দশমিক শূন্য ৭ শতাংশ হচ্ছেন পুরুষ এবং ১৯ দশমিক ৯২ শতাংশ নারী।

 

এদিকে দেশের ৩৯ দশমিক ১১ শতাংশ ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের রয়েছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। এর মধ্যে পুরুষ অ্যাকাউন্টধারীদের হার ৫২ দশমিক ৩৩ শতাংশ এবং নারী অ্যাকাউন্টধারীদের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ।

 

প্রতিবেদন অনুসারে, দেশের ৬৯ দশমিক ৯৩ শতাংশ মানুষের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে আছেন পুরুষরা। দেশের ৮৪ দশমিক ১৬ শতাংশ পুরুষের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। যেখানে নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে ৫৬ দশমিক ৪৩ শতাংশ নারীর।

 

এদিকে দেশের ৩৬ দশমিক ৯২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এ ক্ষেত্রেও এগিয়ে পুরুষরা। ৪৬ শতাংশ ৫৮ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, যেখানে নারী ইন্টারনেট ব্যবহারকারীর হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

 

দেশে সাক্ষরতার হার ২০১১ সালে ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮০ শতাংশে। এ সময় শতাংশের বিচারে কারিগরি শিক্ষার চাহিদা বাড়লেও কমেছে সাধারণ ও ধর্মীয় শিক্ষা গ্রহণকারীর সংখ্যা।

 

জানা গেছে, ১০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে কাজ করে না দেশে এমন মানুষের সংখ্যা ২৯ দশমিক ৩২ শতাংশ আর কাজ খুঁজছেন ১ দশমিক ৬৫ শতাংশ। কাজের ক্ষেত্রে শিল্প ও কৃষির চেয়ে সেবা খাতকে বেছে নিয়েছেন বেশি মানুষ।

 

আর যারা কাজেও নেই, প্রশিক্ষণে নেই, শিক্ষায়ও নেই এমন মানুষের সংখ্যা ৩৪ দশমিক ২৬ শতাংশ।

সর্বশেষ
জনপ্রিয়