ভোটারদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি
প্রবাস নিউজ ডেস্কঃ
ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে ৯০ দেশের কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অংশ নিতে দিল্লি সফরে ছিলেন মাসুদ বিন মোমেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ফিরে আসেন।
ঢাকা-দিল্লি এফওসি শুক্রবার বিকেলে হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যায় দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত অনাবাসী প্রায় ৯০ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। ব্রিফিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ও বৈচিত্র্যের কথা তুলে ধরেন। তিনি ভূরাজনীতির বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান বর্ণনা করেন। এ ছাড়া গত ১৫ বছরে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির কথা তুলে ধরেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন একটি উৎসব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার উৎসবে অংশ নিতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনীতিকদের সহযোগিতা কামনা করেন মাসুদ বিন মোমেন। পাশাপাশি তিনি আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইএমও) পরিষদের ‘সি’ শ্রেণিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানান।
সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি, অব্যাহত স্থিতিশীলতা ও বিশ্বে বাড়তে থাকা গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে কূটনৈতিক মিশন চালু করতে নিজ নিজ সরকারকে অনুরোধ করতে উপস্থিত রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময়ে কূটনীতিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসবের উত্তর দেন পররাষ্ট্র সচিব।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








