ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

আন্তঃব্যাংকে বেড়েছে ডলারের দাম

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৮:৪৯, ৩ নভেম্বর ২০২৩  

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে এখন খরচ করতে হচ্ছে ১১১ টাকা। গতকালও (বুধবার) এক ডলার কিনতে খরচ পড়ছিল ১১০ টাকা ৫০ পয়সা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সেটি হয়েছে ১১১ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ৫০ পয়সা বেড়েছে আন্তঃব্যাংকে।

এ নিয়ে চলতি অর্থবছরে চার মাসে ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ২ টাকা ৩০ পয়সা। আর এক বছরে কমেছে প্রায় ১০ টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। আর গত বছরের নভেম্বরে ছিল ১০১ টাকা ৩৮ পয়সা।

চলতি মাস নভেম্বরের শুরুতে ডলারের দর আরও ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। বুধবার (৩১ অক্টোবর) থেকে রেমিট্যান্স ও রপ্তানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনছে ব্যাংক। আর ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করছে। এতে আন্তঃব্যাংকে (এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের কাছে বিক্রি) ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা।

এর আগে অক্টোবরে ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত ছিল। আর খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার কেনাবেচা হচ্ছে ১১৮-১১৯ টাকায়। বিদেশে যাওয়ায় সময় নগদ ডলার কিনতে গেলে প্রতি ডলারের বিপরীতে রাখা হচ্ছে ১২০ টাকা পর্যন্ত।

সর্বশেষ
জনপ্রিয়