আইটিতে বিনিয়োগে জাপানি ব্যবসায়ীদের আহ্বান সালমান এফ রহমানের
প্রবাস নিউজ ডেস্ক:
বাংলাদেশে কৃষি, পর্যটন, স্বাস্থ্য ও আইটি খাতে বিনিয়োগে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা সফররত জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলকে এ আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। জাপানের ৩২টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপানের ব্যবসায়ীরা সালমান এফ রহমানের কাছে মানিকগঞ্জ ইকোনমিক জোন, রিভার ট্যুরিজম, লক্ষ্মীপুর ইকোনমিক জোন ও ভোলা গ্যাস ফিল্ডসহ ৬ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি কোবে (জাপানের শহর) মাংস রপ্তানি, চলমান ও নতুন অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
এসময় সালমান এফ রহমান বলেন, জাপান ও বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। জাপানের ব্যবসায়ীদের এখানে বিনিয়োগ প্রয়োজন। জাইকা দিয়ে অনেক প্রকল্পের কাজ করছে জাপান। অনেক মেগা প্রকল্পে তারা বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ও ক্লোজ। আমরা চাই এই সম্পর্ক আরও ক্লোজ হোক। আপনারা এসেছেন, এর মাধ্যমে আমাদের সম্পর্ক আরও ক্লোজ হবে। ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে।
তিনি বলেন, জনসংখ্যার আধিক্য থাকা সত্ত্বেও আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। এগ্রিকালচার, ফুড প্রসেসিং খাতে বড় সম্ভাবনা আছে। জাপানে ভালো এগ্রিকালচার টেকনোলজি আছে। জাপানি প্রতিষ্ঠানগুলো আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে পারে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। আমরা ভারত ও চীনের মাঝামাঝিতে অবস্থান করছি। এই দুই দেশে পণ্য রপ্তানিতে আমরা শুল্ক সুবিধা পেয়ে থাকি। সেক্ষেত্রে বাংলাদেশের বড় বাজারও চীন। ভারতেও বড় বাজার পাওয়ায় সম্ভাবনা রয়েছে।
এ সময় সালমান এফ রহমান জাপানের ব্যবসায়ীদের পর্যটন, আইটি ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রামের রাউজানে একটি ইকোনমিক জোনে জাপানি ব্যবসায়ীরা চাইলে ব্যবহার করতে পারবেন বলে জানান।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








