ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

ফিলিস্তিনিদের জন্য সবার কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী

প্রবাস নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৫:২৮, ১৫ অক্টোবর ২০২৩  

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন পরিষদের কমিউনিটি সেন্টারে ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন।

তিনি বলেন, ভোট এলে অনেকেই আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমরা যে সড়কের উন্নয়ন করেছি, তার গর্ত ভরাট করার সক্ষমতাও তাদের নেই।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শুধু ভোটের সময় যারা আসবে, তাদের জিজ্ঞেস করবেন, আপনাদের কাউকে বন্যা কিংবা দেশের দুর্যোগ-দুর্বিপাকে দেখা যায়নি কেন? তাদের বলবেন, আসছেন ভালো কথা, বসে চা খেয়ে চলে যান।’

হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার যে নানারকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চালু করেছিল। এরপর ২০০৮ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা ভাতার পরিমাণ এবং আকার দুটোই আরও বৃদ্ধি করেছেন। বর্তমানে প্রতিটি ইউনিয়নে ২ থেকে ৪ হাজার মানুষ নানান ধরনের উপকারভোগী আছে।

‘সরকার নিয়মিত এ সহায়তা করে যাচ্ছে। যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় না আসে, তাহলে এ ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। ১৪ থেকে ১৫ বছর আগে যে ছেলেটা বিদেশ গেছে, সে দেশে এসে নিজ গ্রাম চিনতে পারবে না। এভাবেই দেশ উন্নয়ন হয়েছে। এ পরিবর্তন আওয়ামী লীগ সরকার করেছে, জননেত্রী শেখ হাসিনা করেছেন।’

নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘আমাকে এমপি নির্বাচিত করার পর, আমি দলীয় এমপি থাকিনি, আমি সব মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। রাখালের মতো করেই গত ১৪ থেকে ১৫ বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।’

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান বলেন, ‘যারাই আমার কাছে এসেছে, আমি তাদের সাহায্য করেছি। আমার বিরুদ্ধে মাইকিং করেছি এমন অনেকেরও চাকরির ব্যবস্থা করেছি। গণমানুষের রাজনীতি করি বলেই সকাল-সন্ধ্যা কিংবা গভীর রাতেও মানুষ আমার কাছে আসেন। রাঙ্গুনিয়া সম্প্রীতির উদাহরণ, এখানে সব সম্প্রদায়ের মানুষের জন্য আমি দোয়া কামনা করছি, দুর্গাপূজাও যেন সুন্দরভাবে হয়।’

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আরফাত নিজাম প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়