ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

এশিয়া কাপে ইবাদতের খেলা নিয়ে শঙ্কা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:০৩, ২২ আগস্ট ২০২৩  

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ইবাদত হোসেন। এরফলে শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে ডানহাতি এই পেসারের এশিয়া কাপ।

গত মাসে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান ইবাদত। বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে পাওয়া সেই চোটের কারণে তিন ম্যাচ সিরিজের শেষটিতে খেলা হয়নি তার। এরপর তিনি ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকেও।

তখন জানানো হয়েছিল, ইবাদতের সেরে উঠতে সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি তার ফিটনেসের। ফলে এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে থাকলেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফিজিওর রিপোর্ট পাওয়ার পর মঙ্গলবার ইবাদতের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ক্যান্ডিতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

সর্বশেষ
জনপ্রিয়