বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে মুশফিকের চাওয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
ওয়ানডে বিশ্বকাপের ট্রফি বেরিয়েছে বিশ্বভ্রমণে। এখন সোনালি ট্রফির অবস্থান বাংলাদেশে। আজ (মঙ্গলবার) ঘুরতে গিয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানেই স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখেছেন মুশফিকুর রহিম। শুধু ছুঁয়ে দেখা কেন হবে, শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে প্রেসবক্স প্রান্তে বসানো মঞ্চে তো ট্রফিটি তিনিই নিয়ে আসেন। চারটি বিশ্বকাপ খেলে ফেললেও এই ট্রফি জেতা হয়নি মুশফিকের। এবার নিশ্চয় জিততে চাইবেন! আপাতত তার চাওয়া- ‘স্পেশাল রেজাল্ট’।
বিশ্বকাপ ট্রফি নিয়ে গিয়ে সতীর্থদের সঙ্গে ফটোসেশন করেছেন মুশফিক। তারপর একাই তুলেছেন ছবি। ট্রফির কাছ থেকে যেন সরতেই চাইছিলেন না এই উইকেটকিপার ব্যাটার। ট্রফির পাশে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিয়েছেন আইসিসি-কে। সেখানেই জানিয়েছেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা।
মুশফিক বলেছেন, ‘আমি অনেক ভাগ্যবান, শেষ চারটি বিশ্বকাপ খেলেছি। এবারও যদি খেলার সুযোগ পাই, তাহলে অবশ্যই চাইবো গত চার বিশ্বকাপে যেমন ফল পেয়েছি, তার চেয়ে যেন অনেক ভালো করতে পারি।’
বিশ্বকাপে মুশফিকের অভিষেক ২০০৭ সালে। এরপর খেলেছেন আরও তিনটি বিশ্বকাপ- ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের আসরে। এবারের বিশ্বকাপে তিনি আরও পরিণত। হয়তো শেষ বিশ্বকাপও। সেকারণেই আরও ভালো করার প্রতিজ্ঞা মুশফিকের।
তাছাড়া ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্সও আশা জাগাচ্ছে মুশফিক ও বাংলাদেশকে। বিশ্বকাপের আগে তৃতীয় হয়ে এবারের চক্র শেষ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। তাই মুশফিকের চাওয়া, ‘ওয়ানডেতে যেহেতু আমরা অভিজ্ঞ দল এবং গত ৪-৫ বছর ধরে ধারাবাহিক খেলছি; অবশ্যই আশা তো করাই যায় যে, অনেক স্পেশাল রেজাল্ট করবো।’
ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো। আশা সে কারণেও বেশি। যদিও বড় টুর্নামেন্টে ভালো শুরু সবসময় জরুরি। মুশফিকও শুরুর কথাটাই বললেন, ‘আমাদের শক্তিমত্তা আছে, বিশ্বাসও আছে। তবে সবকিছু নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো শুরু করতে পারি। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ভালোভাবে শুরু করি।’
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








