ঢাকা, ২০২৬-০৭-২৪ | ৮ শ্রাবণ,  ১৪৩৩

এমসিসির সদস্যপদ পেলেন শচীন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৩২, ২৮ ডিসেম্বর ২০২৪  

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে এমসিসি।

এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন আইকনকে আমরা সম্মান জানালাম। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলাটিতে তাঁর অসামান্য অবদানের কথা স্বীকার করে একটি সম্মানসূচক ক্রিকেট সদস্যপদ গ্রহণ করেছেন।’

২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার। ৪৬৩টি ওয়ানডে খেলার পাশাপাশি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন একবার। তিন ফরম্যাটে ৩৪৩৫৭ রান করে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় টেস্ট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ (৪৪৯) রানের মালিকও শচীন।  

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্যারিয়ারের পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন শচীন। ১৭ ইনিংসে করেছেন ৬৩৯ রান। একটি সেঞ্চুরির সঙ্গে করেছেন পাঁচটি ফিফটি।  

ক্রিকেটে অবদানের কারণে এবারই প্রথম কোনো ক্লাবের সদস্যপদ পাননি শচীন। এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ার আরেক মর্যাদাপূর্ণ ক্লাব সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেয়েছিলেন ভারতীয় এই কিংবদন্তি। এছাড়া ২০১৪ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদও পেয়েছেন তিনি। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবেরও আজীবন সদস্যপদ পেয়েছেন তিনি।

মেলবোর্ন ক্রিকেট ক্লাব অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ক্রীড়া ক্লাব। ক্রিকেটের সবচেয়ে বড় ভেন্যু এমসিসির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ করে এই ক্লাবটি। 

সর্বশেষ
জনপ্রিয়