ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

জর্জিয়ার বিপক্ষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করলো স্পেন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৪৮, ১ জুলাই ২০২৪  

প্রথমবারের মতো ইউরো খেলতে এসেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জর্জিয়া। আজ স্পেনের বিপক্ষে নকআউট পর্বে এসেও চমক দেখিয়েছে তারা। স্পেনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় দলটি। তবে প্রথমার্ধে গোল পেয়েছে স্পেনও। অবশেষে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে দুই দল।

কোলন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। ম্যাচের ২য় মিনিটে ফেবিয়ান রুইজের বাঁপায়ের শট রুখে দেয় জর্জিয়ার ডিফেন্ডাররা। ৫ মিনিটে দানি কার্ভাহালের অ্যাসিস্ট থেকে পেদ্রির বাঁপায়ের শট রুখে দেন জর্জিয়ার গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলি।

১০ মিনিটে আবারও আক্রমণে আসে স্পেন। এবার কার্ভাহালের হেড সেভ করেন জর্জিয়ার গোলরক্ষক। এরপর নিয়মিত বিরতিতে আক্রমণ করতে থাকে ২০১২ সালের চ্যাম্পিয়নরা। তবে গোল পাচ্ছিল না তারা।

কিন্তু ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোল হজম করে স্পেন। ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের পেটে লেগে বল চলে যায় জালে। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে স্পেন।

এই গোল শোধ করতে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে বাঁপায়ের দুর্দান্ত শটে গোল করেন রদ্রি। এতে ১-১ সমতায় ফেরে স্পেন।

সমতায় ফের আক্রমণের ধার বাড়ায় জর্জিয়া। ৪১ মিনিটে মিডফিল্ডার কাভিচা কাভারেসখেলিয়ার করা অ্যাসিস্ট সামান্য একটু বাইরে দিয়ে মেরে দেন জিওর্গি কোচোরাশভিলি। চাপ বাড়ানোর চেষ্টা করে স্পেনও। তবে আর কেউ গোল না পাওয়ায় সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

সর্বশেষ
জনপ্রিয়