ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন আলিম দার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:২৪, ৭ এপ্রিল ২০২৩  

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের মধ্যে দিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে আলিম দারের যাত্রা শেষ হলো। আজ (শুক্রবার) মিরপুর শেরে বাংলার মাঠে দুই দলের খেলোয়াড়রা বিদায়ী ‘গার্ড অব অনার’ দিলেন পাকিস্তানি এই আম্পায়ারকে।

খেলোয়াড়দের কাছ থেকে গার্ড অব অনারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সম্মাননাও পেয়েছেন আলিম দার। ১৯ বছর আইসিসির এলিট প্যানেলে থাকা এই পাকিস্তানি আম্পায়ারের হাতে স্মারক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

চারটি বিশ্বকাপ ফাইনালসহ ছেলেদের ক্রিকেটে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। ছেলেদের ক্রিকেটে আলিম দারের চেয়ে বেশি কেউ টেস্ট আর ওয়ানডে ম্যাচ পরিচালনা করেননি। ১৪৪ টেস্ট এবং ২২২টি ওয়ানডেতে আম্পায়ার ছিলেন তিনি।

২০০২ সালে এলিট প্যানেল শুরুর পর প্রথম পাকিস্তানি হিসেবে তিনিই সুযোগ পেয়েছিলেন। ২০০৭ এবং ২০১১ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ, ২০১০ এবং ২০১২ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেন আলিম দার। টানা তিনবার আম্পায়ারদের সর্বোচ্চ পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জেতেন তিনি।

এলিট প্যানেলে শেষ হলেও আলিম দার অবশ্য এখনই আম্পায়ারিং ছেড়ে দিচ্ছেন না। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা চালিয়ে যাবেন।

সর্বশেষ
জনপ্রিয়