ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

সাকিবকে খেলাতে দুই প্রস্তাব দিয়েছিল কেকেআর, মানেনি বিসিবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:২৫, ৬ এপ্রিল ২০২৩  

আইপিএলের এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত সাকিব আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন।

জাতীয় দলের খেলা থাকায় সাকিবকে ছাড়পত্র দেয়নি বিসিবি। শোনা যাচ্ছিল, ৩১ মার্চ আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষ করেই আইপিএলে চলে যাবেন সাকিব। সেটি হয়নি।

যেহেতু টেস্ট দলে সাকিবকে রাখা হয়, তাই সবাই ধরেই নিয়েছিলেন টেস্ট শেষ করে আইপিএলে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর মধ্যেই হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো খবর, সাকিব এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

আইপিএল শুরু হয়েছে ৩১ মার্চ। আইরিশদের বিপক্ষে টেস্ট শুরু হয় ৪ এপ্রিল থেকে। যেহেতু সাকিবের এই টেস্ট খেলতে হচ্ছে, তাই টেস্ট শেষ করে যেতে যেতে কেকেআরের বেশ কয়েকটা ম্যাচ মিস হয়ে যেতো।

এরপর ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত আবার ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ফিরতি ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। সাকিব সেখানে খেললে, আবারও আইপিএল ছাড়তে হতো।

সবমিলিয়ে টুর্নামেন্টের অনেকটা সময় সাকিবকে পাওয়া যাবে না ভেবে তার বদলে আরেকজন বিদেশি খেলোয়াড় নেওয়ার প্রস্তাব পাঠায় কেকেআর। সাকিব সেই প্রস্তাবে রাজি হয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

কিন্তু কেকেআর নাকি সাকিবকে পেতে জোর চেষ্টা করেছিল, বেশ কয়েকটি উপায়ে। কিন্তু উপায়ন্তর না দেখে বাধ্য হয়েই শেষ পর্যন্ত বিকল্প ভাবে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেকেআরের কোনো প্রস্তাবেই রাজি হয়নি। কলকাতার জাতীয় দৈনিক ‘আনন্দবাজার’ দাবি করেছে এমনটাই।

তারা জানিয়েছে, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটন দাসকে দলে পেতে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর।

আনন্দবাজারের দাবি, টেস্ট দলে প্রথমে ছিলেন না সাকিব। কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক।

আবার যখন মে মাসে বাংলাদেশ ইংল্যান্ডে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যাবে, সেই সময় সাকিবকে ছেড়ে দিবে কেকেআর, লিটন থাকবেন আইপিএলে। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার যোগ দেবেন কেকেআরে। তাহলেই দুই পক্ষের সমস্যা মিটে যাবে। এমন প্রস্তাব ছিল কেকেআরের পক্ষ থেকে।

কিন্তু কেকেআরের এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বিসিবি দেশের দুই ক্রিকেটারকে জাতীয় দলের একটি খেলাতেও ছাড়তে চায়নি। সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়। যার ফলে তার আইপিএল খেলায় সমস্যা হয়। যার ফলশ্রুতিতে নাম শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব।

সর্বশেষ
জনপ্রিয়