ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

যে শর্তে জাতীয় দলের কোচ হতে রাজি সালাউদ্দিন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:২০, ৮ মার্চ ২০২৪  

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে সাফল্যের সঙ্গে কোচিং করছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবেও দেখিয়েছেন মুনশিয়ানা। ঘরোয়া ক্রিকেটে সফল এই কোচ এবার বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। 

জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বরাবরই আস্থার প্রতীক ক্রিকেটারদের কাছে। অফফর্মে থাকলে এখনও তার কাছেই দ্বারস্থ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাশরাফী থেকে শুরু করে মুশফিক-লিটন সবাইকেই কোচিং করিয়েছেন তিনি।                  

বিপিএলে কুমিল্লাকে চারবার শিরোপা জেতানো সালাউদ্দিন ঢাকা প্রিমিয়ার লিগেও লিখে চলেছেন সাফল্যের গল্প। বিদেশি অনেক খেলোয়াড়ই তার কোচিংয়ে মুগ্ধ হয়েছেন। তবে এতকিছুর পরেও বাংলাদেশ জাতীয় দলের কোচ বানানো হয়নি তাকে। বিভিন্ন সময় অনেক গণমাধ্যমে এই বিষয়টি উঠে এলেও বিসিবি এবং সালাউদ্দিন কেউ কোনো মন্তব্য করেননি।   

এবার সালাউদ্দিন মুখ খুললেন। জানালেন, জাতীয় দলের কোচ হতে আগ্রহী তিনি। তবে সেক্ষেত্রে শর্ত আছে সাবেক সহাকারী কোচের। সালাউদ্দিনের একমাত্র শর্ত হলো কাজের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে তাকে।  

সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে মন্তব্য করেছেন সালাউদ্দিন। এসময় তিনি বলেন, 'সত্যি বলতে কারও অধীনে কাজ করার বয়স আমার নেই। আমাকে যদি প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়, তবে আমি চিন্তা করে দেখব।'

তিনি আরও বলেন, 'হাথুরুর সম্পর্কে যতটা দেখেছি এবং জেনেছি, তার সাথে অন্য কোচরা মানিয়ে নিতে পারে না। আমার যে মন-মানসিকতা, আমি স্বাধীনতা চাই। অন্য কেউ এসে আমার ওপর দাপট দেখালে আমার জন্য কাজ করা কঠিন। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই।'   

সর্বশেষ
জনপ্রিয়