ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

ভিনিসিউসকে লাল কার্ড দেয়ার সাহস রেফারিদের নেই: ওরবান

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:১৭, ৮ মার্চ ২০২৪  

চ্যাম্পিয়ন্সলিগের ম্যাচে আরবি লাইপজিগের সেন্টারব্যাক উইলি ওরবানের গলা চেপে ধরে হলুদ কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। তবে এমন অপরাধের জন্য হলুদ কার্ডকে লঘুদণ্ড হিসেবে দেখছেন ওরবান। তার মতে, ভিনিসিউসের মতো খেলোয়াড়দের লাল কার্ড দেখানোর সাহসই নেই রেফারিদের।

রেফারির সিদ্ধান্তে খুশি হতে পারেননি ওরবান। 

বুধবার (৬ মার্চ) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল আরবি লাইপজিগ ও রিয়াল মাদিদ্র। ঘরের মাঠে ম্যাচ হলেও এদিন আধিপত্য দেখাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচটি তারা ড্র করেছে ১-১ গোলে। তবে উভয় লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় লস ব্লাঙ্কোরা শেষ আটের টিকিট পেয়েছে।

দলকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস। তবে ম্যাচের ৬৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেয়ার আগে ৫৪তম মিনিটে তিনি নিয়েছিলেন বড় ধরনের ঝুঁকি। লাইপজিগের সেন্টারব্যাক ওরবানকে ট্যাকল করার পর দুজনের মধ্যে কিছুটা বাগবিতণ্ডা হয়। এসময় নিজের দুহাত দিয়ে ওরবানের গলা চেপে ধরেন ভিনিসিউস। এমনকাণ্ডে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান মাদ্রিদের উইঙ্গারকে।

তবে এমন একটি অপরাধের জন্য হলুদ কার্ডকে লঘুদণ্ড মনে করছেন ম্যাচের ৬৮তম মিনিটে লাইপজিগকে সমতায় ফেরানো ওরবান। এমন কাজের জন্য ভিনিসিউসদের লাল কার্ড দেখানোর সাহস রেফারিদের নেই বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাচশেষে ক্ষোভ প্রকাশ করে স্কাই স্পোর্টকে ওরবান বলেন, ‘এমন খেলোয়াড়দের মাঠের বাইরে পাঠানোর সাহস রেফারিদের নেই। সে (ভিনিসিউস) দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিল। যেটা অসম্মানজনক।’

লাইপজিগের আরেক ডিফেন্ডার বেনজামিন হেনরিচসের দাবি, একই কাজ রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের সঙ্গে করলে রেফারি নিশ্চিত তাদের লাল কার্ড দেখাতো। তিনি বলেন, ‘ আমাদের কোনো খেলোয়াড় রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের গলা ধরলে তাকে ১০০ ভাগ মাঠের বাইরে যেতে হতো।’

সর্বশেষ
জনপ্রিয়