খুলনাকে উড়িয়ে টানা ষষ্ঠ জয় রংপুরের
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রতিশোধের ম্যাচে ব্যাটে-বলে খুলনা টাইগার্সকে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। বিজয়দের ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে রংপুর।
দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও দুই উইকেট নিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সাকিবদের দেয়া ২২০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রানে থেমেছে খুলনা। বিজয়ের দলকে বল হাতে একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ৪ ওভার বল করে ২৬ রান খরচায় তার শিকার ৫ উইকেট।
বিপিএলের দশম আসরে একক আধিপত্য চলছে রংপুরের। টানা ছয় ম্যাচ জিতে প্লে অফের পথে এক পা দিয়ে রেখেছে তারা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানও পোক্ত করেছে তারা। আসরে তারা সবশেষ ম্যাচটি হেরেছিল ২৬ জানুয়ারি খুলনার বিপক্ষে। সিলেটে সে ম্যাচে ১৬১ রান তাড়া করতে নেমে ১৩২ রানে গুঁড়িয়ে গিয়েছিল সাকিব-সোহানরা।
চট্টগ্রাম পর্বের প্রথম দিনে বিজয়দের পেয়ে তাই প্রতিশোধ নিতে ভুলেনি রংপুর। ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের তুলোধুনো করার পর বল হাতে ব্যাটারদের করেছে কুপোকাত।
এদিন রান তাড়ায় নেমে একপ্রান্ত আগলে রেখে অ্যালেক্স হেলস ঝড় তুললেও অপরপ্রান্তে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন সতীর্থরা। দলের খাতায় ১৮ রান যোগ হতেই সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন এভিন লুইস। ১১ বলে ১১ রান করেন তিনি। এরপর উইকেট উৎসব শুরু করেন তাহির। তার ঘূর্ণিতে কুপোকাত হয়ে ব্যক্তিগত ৫ রানে এনামুল হক বিজয় আর ১১ রানে বিদায় নেন আফিফ হোসেন। তখনো খুলনার আশার বাতি হয়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু তাকে পুরোপুরি ক্রিজের আধিপত্য নিতে দেননি তাহির।
৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করে তাহিরের বলে শেখ মেহেদী হাসানকে ক্যাচ দেন হেলস। এক বল পর রানের খাতা খোলার আগে আকবর আলীকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাহির। ১২ ওভার শেষে ৯৯ রান তুলতে ৫ উইকেট হারানো খুলনা এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে লুক উডের ১৪ বলে ২০ ও নাসুম আহমেদের ৯ বলে ১৭ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে খুলনা।
তাহির ছাড়াও বল হাতে উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে ফিফটি করা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩০ রান খরচায় তার শিকার ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী, হাসান মাহমুদ ও জেমস নিশাম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় সাকিব আর মেহেদী। ইংলিশ পেসার লুক উডের তোপে শুরুতেই দুই ওপেনার রনি তালুকদার (৫) ও রেজা হ্যান্ড্রিকসকে (৪) হারিয়েছিল রংপুর। এক ওভারের ব্যবধানে টানা দুই ব্যাটারকে হারালেও ক্রিজে নেমে কোনো চাপই নেননি সাকিব। আক্রমণে যেই এসেছেন তার ওপরই হয়েছেন চড়াও। শুরুটা করেছিলেন নাহিদুল ইসলামকে দিয়ে। খুলনার এ স্পিনারকে পরপর দুটি ছক্কা হাঁকান তিনি।
এরপর আক্রমণে আসা নাসুম আহমেদের এক ওভারে ৩ ছক্কার পাশাপাশি ২টি চার মারেন তিনি। চার নম্বরে সুযোগ পাওয়া শেখ মেহেদী প্রথমে দেখেশুনে খেলার চেষ্টা করলেও পরক্ষণে সাকিবের সঙ্গে যোগ দেন চার-ছক্কা হাঁকানোর উৎসবে।২০ বল মোকাবিলায় ৫ ছক্কা ও ৪ চারের মারে চলতি আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন সাকিব। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে ৬৯ রান তোলা সাকিবকে আক্রমণে এসে থামান উড। ভাঙ্গে মেহেদীর সঙ্গে সাকিবের তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি।
আরেকপ্রান্তে ঝড় তোলা মেহেদী ২৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ফিফটি তুলে নেন। ১৬তম ওভারে আক্রমণে এসে তাকে থামান নাসুম। ৩৬ বলে ৬০ রানে আসে তার ব্যাট থেকে। শেষদিকে ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের দারুণ ক্যামিও ইনিংসে দলের সংগ্রহ দুইশ পার করেন অধিনায়ক সোহান। ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ডোয়াইন প্রিটোরিয়াস। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে রংপুর।
এদিন রংপুরের ব্যাটারদের কাছে তুলোধুনো হয়ে ৩ ওভারে ৫৫ রান খরচ করেন নাসুম আহমেদ। ৪ ওভারে ৫০ রান দেন নাহিদুল ইসলাম।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








