ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

কুমিল্লার অধিনায়ক লিটন, খুলনার নেতৃত্বে বিজয়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৩৬, ১৭ জানুয়ারি ২০২৪  

দশম আসরে কুমিল্লার নেতৃত্ব সামলাবেন লিটন দাস। আর খুলনার দায়িত্ব তুলে দেয়া হয়েছে এনামুল হক বিজয়ের কাঁধে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজেদের সামাজিক মাধ্যমে অধিনায়কের নাম নিশ্চিত করেছে কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি।

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ- বিপিএল। মাঠের লড়াইয়ে নামতে ইতোমধ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো।

৭ দলের মধ্যে ইতোমধ্যে ঠিক হয়ে গেছে চার দলের অধিনায়কও। সাকিব আল হাসান রংপুর রাইডার্সের অধিনায়কত্ব না নেয়ায় দায়িত্ব তুলে দেয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারদের ভিড়ে ফরচুন বরিশালের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে। যদিও দলটির নেতৃত্ব নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে।

এদিকে মঙ্গলবার রাতে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কুমিল্লা। বিপিএলের সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়নদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে লিটন কুমার দাসের কাঁধে। যদিও দলে থাকা সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েসের নেতৃত্বে গতবার শিরোপা জিতেছিল তারা। 
খুলনা টাইগার্সে অবশ্য বিজয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন না তেমন কেউ। যার কারণে অনুমেয়ভাবেই তার কাঁধে উঠেছে নেতৃত্বের দায়িত্ব।

অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্ব এবারও একপ্রকার নিশ্চিত। বাকি রইল দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার নেতৃত্বে মোসাদ্দেক হোসেন সৈকত আর চট্টগ্রামের নেতৃত্বে শুভাগত হোমের নাম আসার সম্ভাবনা বেশি।

সর্বশেষ
জনপ্রিয়