ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

মোস্তাফিজকে ‘নতুন নাম’ দিলো চেন্নাই

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৩৩, ২০ ডিসেম্বর ২০২৩  

আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার নতুন দলে। ‘দ্য ফিজ’ ও ‘কাটার মাস্টার’খ্যাত বাংলাদেশি পেসারকে আইপিএলের সামনের মৌসুমের জন্য নিলামে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মোস্তাফিজকে কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত চেন্নাই। এমনকি তাকে নতুন এক নামও দিয়ে ফেলেছে তারা। চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে মোস্তাফিজকে ডাকা হয়েছে ‘মুজ’ নামে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’ ‘মুজ’ শব্দ দিয়ে বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে নতুন নাম তৈরি করেছে চেন্নাই।

তারা আরেক পোস্টে লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ তারপর বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মোস্তাফিজুর!’

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) চেন্নাই অধিনায়ক ধোনির সঙ্গে মোস্তাফিজের সেই আলোচিত মুহূর্তটি শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫ সালে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজেই অভিষেকে হৈ চৈ ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ। ওই সিরিজে একবার রান নেওয়ার সময় তরুণ মোস্তাফিজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন ধোনি। যে ঘটনা নিয়ে তখন বেশ বিতর্ক হয়।

সেই ভিডিও শেয়ার দিয়ে চেন্নাই লিখেছে, ‘ফ্রম কলিশন টু কোয়ালিশন’। সংঘর্ষ থেকে সংযোগ। এ সব কিছুই ভালোবাসা! দুজনের দ্বৈরথ এখন আন্তরিক সম্পর্কে রূপ নিচ্ছে, এমনটাই বোঝাতে চাইছে চেন্নাই।

সর্বশেষ
জনপ্রিয়