ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মেয়াদের সঙ্গে বড় অংকের বেতনও বাড়িয়ে নিলেন ক্যাবরেরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫৮, ৬ ডিসেম্বর ২০২৩  

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে প্রথম বছরে (২০২২ সালে) কোনো সাফল্য ছিল না স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরার। জানুয়ারিতে দায়িত্ব নিয়ে জামাল ভূঁইয়াদের ডাগআউটে তার অভিষেক হয়েছিল মার্চে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে।

মালেতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। ২০২২ সাল শেষ হয়েছিল কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে।

হার দিয়ে শুরু আর হার দিয়ে শেষ করা বছরে বাংলাদেশ খেলেছিল মোট ৮ ম্যাচ। মাত্র একটি জয় লেখা হয়েছিল নামের পাশে। সেপ্টেম্বরে নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।

মাঝের ম্যাচগুলোতে মাত্র দুটি ড্র করতে পেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। এক জয়, দুই ড্র ও ৫ হারের প্রথম বছর শেষে ক্যাবরেরাকে বিদায়ের কথাই ভাবছিল বাফুফে। তবে পরে তার ওপরই আস্থা রেখে চুক্তি নবায়ন করা হয়, দায়িত্ব দেওয়া হয় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এবার আর ভাবনার জায়গা নেই। ক্যাবরেরা নিজেকে প্রমাণ করেছেন। ফলে মেয়াদ শেষ হওয়ার ২৫ দিন আগেই বাফুফে চুক্তি নবায়ন করে আরো এক বছর দায়িত্ব দিয়েছে এই স্প্যানিশকে।

২১ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। এ ফলটাই ক্যাবরেরার ভাগ্য অনেকটা নির্ধারণ করে দিয়েছিল। বাকি ছিল বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের সমঝোতা। তা হওয়ার পরই চুক্তি নবায়ন সম্পন্ন হয় বাফুফে ও ক্যাবরেরার।

দ্বিতীয় মেয়াদে ক্যাবরেরার বেতন ছিল সাড়ে ৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩৫ হাজার টাকা)। তৃতীয় বছর থাকতে তিনি দাবি করেছিলেন প্রায় দ্বিগুণ, ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৬ লাখ টাকা)।

দর কষাকষির পর সেটা সাড়ে ১৩ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৪ লাখ ৩০ হাজার টাকা) নির্ধারণ হয়েছে বলেই নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র। অর্থাৎ পাঁচ হাজার মার্কিন ডলার বেতন বাড়িয়ে আরো এক বছরের জন্য লাল-সবুজ জার্সিধারীদের ডাগআউটে থাকছেন ৩৯ বছর বয়সী এই কোচ।

কেমন কাটলো ক্যাবরেরার দ্বিতীয় বছর? ২০২৩ সালের প্রথম আড়াই মাসে কোনো ম্যাচ ছিল না বাংলাদেশের। মার্চের ১৫ তারিখ সৌদি আরবে মালাউইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ক্যাবরেরার দ্বিতীয় ইনিংস। জুন-জুলাইয়ের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ খেলেছিল ৫ টি প্রীতি ম্যাচ। এর মধ্যে চারটি ছিল জাতীয় দলের বিপক্ষে, একটি ক্লাব দলের সঙ্গে।

সৌদি থেকে দেশে ফিরে সিলেটে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলেছিল আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে। প্রথমটি ১-০ গোলে জিতে দ্বিতীয়টি হেরেছিল ১-০ ব্যবধানে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের বেঙ্গালুরু যাওয়ার আগে কম্বোডিয়া সফর করেছিল জামাল ভূঁইয়ারা। সেখানে দেশটির টিফি আর্মি ক্লাবকে ও কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রস্তুতি সেরেছিল ক্যাবরেরার দল

দীর্ঘদিন সেমিফাইনালে খেলতে না পারা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল বেঙ্গালুরুর সাফ। চ্যালেঞ্জ ছিল ক্যাবরেরারও। লেবাননের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু করে পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

শক্তিশালী কুয়েতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখায় ক্যাবরেরার শিষ্যরা। ১-০ গোলে হেরেছিল ১২০ মিনিট লড়াই করে।

এর পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে প্রীতি ম্যাচ খেলতে আফগানিস্তানকে উড়িয়ে এনেছিল বাফুফে। ঢাকায় হওয়া ওই দুই ম্যাচ ০-০ ও ১-১ এ ড্র করে দারুণ দক্ষতা দেখায় বাংলাদেশ।

এরপর মালেতে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে জিতে জায়গা করে নেয় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে ঢাকায় ১-১ গোলে ড্র করে লেবাননের বিপক্ষে।

জাতীয় দলের পাশাপাশি গত হাংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ডাগআউটও সামলিয়েছিলেন ক্যাবরেরা। সেপ্টেম্বর-অক্টোবর হওয়া ওই গেমসে বাংলাদেশ তিন ম্যাচের দুটি হেরেছিল ভারত ও মিয়ানমারের বিপক্ষে। শেষ ম্যাচে গোলশূন্য রুখে দিয়েছিল স্বাগতিক চীনকে।

কেবল জয়-পরাজয়ের ভিত্তিতেই ক্যাবরেরার পারফরম্যান্স মূল্যায়ন করেনি বাফুফে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে যাওয়াকে।

ক্যাবরেরার অধীনে ফুটবলারদের মানসিকতার যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেটাই বড় করে দেখেছে বাফুফে। এক সময় বাংলাদেশ শেষ দিকে গোল খেয়ে হয় ম্যাচ হারতো না হয় ড্র করতো। এখন বাংলাদেশ পিছিয়ে পড়া ম্যাচেও প্রত্যাবর্তন করছে দারুণভাবে। এখন বাংলাদেশ ম্যাচের আগেই হেরে যায় না। মাঠে বুক চিতিয়ে কিভাবে খেলতে হয় সে মন্ত্রটা জামাল ভূঁইয়াদের রপ্ত করিয়েছেন ক্যাবরেরা।

১৮ ডিসেম্বর শেষ হবে স্বাধীনতা কাপ। তারপর ২২ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় নির্বাচনের কারণে প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে দুই সপ্তাহ। যে কারণে এই ফাঁকে ছুটি কাটাতে গেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে দেশে নয়, কোচ তার পরিবারসহ গেছেন দক্ষিণ কোরিয়ায়। ফিরবেন জাতীয় নির্বাচনের পর।

একজন পেশাদার কোচ সাফল্য এনে দিয়ে বেতন বাড়িয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। প্রথম বছর ভালো কিছু করতে পারেননি বলে টাকা-পয়সা নিয়ে টুঁ-শব্দ করেননি এই স্প্যানিশ।

তারপরও বাফুফে তাকে ৫০০ মার্কিন ডলার বাড়িয়ে বেতন ৮ থেকে সাড়ে ৮ হাজার ডলার করেছিল। এবার চারিদিক থেকে হাততালি পেয়ে প্রায় দ্বিগুণ বেতন দাবি করে বসেছিলেন। দাবির পুরোটা পূরণ করেনি বাফুফে। তবে যা বৃদ্ধি পেয়েছে, তাও অনেক। দেখা যাক, ২০২৪ সাল কেমন কাটে ক্যাবরেরার বাংলাদেশের!

সর্বশেষ
জনপ্রিয়