সিরিজ জিতলে বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা পাপনের
প্রবাস নিউজ ডেস্কঃ
সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও বাংলাদেশ মাঠের ক্রিকেটে ভুগবে না। জাতীয় দলে এখন যারা সুযোগ পাচ্ছে তারাই পারফর্ম করার চেষ্টা করছে। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তারই প্রমাণ। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেট টেস্ট জয়ের পর ঢাকায় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বোর্ড সভাপতি। সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণাও দিয়েছেন তিনি।
টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে ডিনার শেষে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
সব ব্যর্থতা ভুলিয়ে দিতে যেন একটা জয়ই যথেষ্ট। অন্তত বাংলাদেশের ক্রিকেটে। এশিয়া কাপ, বিশ্বকাপে চরম ব্যর্থ দলটা, যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে, তখন তা নিয়েই সবার মুখে মুখে তৃপ্তির ঢেকুর। দল যখন বারবার ব্যর্থ হচ্ছিল, তখন বোর্ড কর্তাদের খুব একটা পাওয়া যায়নি গণমাধ্যমে। তবে যখন ঘরের মাঠে কিউইদের হারালো তখন ঘটা করেই প্রধান নির্বাচক, বোর্ড সভাপতিরা আসছেন গণমাধ্যমের সামনে।
সিলেট টেস্ট জয় দিয়ে আপাতত সব সমালোচনার চাপা দিতে চায় বোর্ড। অবশ্য পূর্ণ শক্তির নিউজিল্যান্ড দলের বিপক্ষে টাইগারদের জয়টা ভিন্ন বার্তাও দিচ্ছে। সিনিয়রদের অপরিহার্যতা কিছুটা হলেও কমতে শুরু করেছে। বোর্ড সভাপতিও দিলেন তার ইঙ্গিত।
পাপন বলেন, ‘আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর...এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে। যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না। অনেক দেশ আছে তিন-চার বছরেও ওরকম দল গড়ে তুলতে পারেনি। আমাদের যেন ওই সময়টা না লাগে, এক-দেড় বছরের মধ্যে আমরা যেন ভালো দলে পরিণত হই।’
সিলেটে কিউই বধের সময়টায় মাঠে থাকতে পারেননি বোর্ড সভাপতি। তাই দল যখন ঢাকায় তখন ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিসিবি প্রধান। টেস্টজয়ী দলের সঙ্গে টিম হোটেলে সেরেছেন ডিনারও। ঢাকা টেস্ট নিয়ে যুগিয়েছেন উৎসাহ।
বিশ্বকাপ, এশিয়া কাপ ব্যর্থতার পর ক্রিকেটারদের খুব একটা জাবাবদিহিতা না থাকলেও, এক টেস্ট জিতেই বোনাস দাবি করেছেন ক্রিকেটাররা। বোর্ড সভাপতিও নাকি আশ্বাস দিয়েছেন সিরিজ জিতলে দেয়া হবে বোনাস।
এ বিষয়ে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল (বোনাসের ব্যাপারে)। আমি বলেছি, এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় (অঙ্কের) পাবে এটাতে কোনো সন্দেহ নেই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন নির্ভর উইকেট তৈরী করে সিরিজটাও হয়তো জিতবে বাংলাদেশ। তবে এই জয়ের দিকে তাকিয়ে বড় ব্যর্থতা ভুলে গেলে শুধু ঘরের মাঠেই বড় দল থাকবে বাংলাদেশ। তাতে আইসিসির ইভেন্টে ভালো কিছু স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকবে। সেটা কবে বুঝবে বোর্ড।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








