ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫০, ২৯ নভেম্বর ২০২৩  

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয়। ফিফটি হাঁকানোর টাইগার ব্যাটারের সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুর তুলে নেয়ার। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে ক্রিজ ছাড়তে হয়েছে ১৪ রানের আক্ষেপ নিয়ে। সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ পেয়েছে তার কণ্ঠে।

 

১৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন জয়। 

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩১০ রানে প্রথম দিন পার করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৮ বলে ১৩ রান করে শরিফুল ইসলাম আর ২১ বলে ৮ রান করে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। কিউই বোলারদের পক্ষে ৫৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন গ্লেন ফিলিপস। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন কাইল জ্যামিসন ও অ্যাজাজ প্যাটেল।

 

ঘরের মাঠে এদিন টাইগার ব্যাটারদের মধ্যে দ্যুতি ছড়িয়েছেন কেবল মাহমুদুল হাসান জয়। দলের হয়ে একমাত্র ফিফটির দেখা পাওয়া এ ব্যাটারের সামনে সুযোগ ছিল সেঞ্চুরিও তুলে নেয়ার। কিন্তু সাদা পোশাকের ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি ১৪ রানের জন্য মিস করেছেন তিনি। ইশ সোধির অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন ড্যারিল মিচেলের হাতে। তাতে ১৬৬ বলে ১১ চারের মারে ৮৬ রানে থামে তার ইনিংস।

 

ম্যাচশেষে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে আক্ষেপ প্রকাশ করেছেন জয়। সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি বলেন, ‘ওপেনার হিসেবে প্রতিদিন তো আর সেট হওয়ার সুযোগ আসে না। দুইটা সুযোগই হাতছাড়া করেছি। আমার বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি।’

 

এদিন ভালো শুরু পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। কিন্তু দুজনের ইনিংসই থেমেছে ব্যক্তিগত ৩৭ রানে। জয় বলেন, ‘সবাই ভালো শুরু পেয়েছিল কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ।’

 

প্রথমে ব্যাট নেয়া টাইগারদের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে ৩৮০ অথবা ৩৫০ রান তোলা। কিন্তু সে লক্ষ্যে অনেকটা পিছিয়ে শান্তর দল। কারণ ক্রিজে থাকা দুই বোলার তাইজুল ও শরিফুলের জন্য দলের খাতায় আরও ৪০ থেকে ৭০ রান যোগ করা প্রায় অসম্ভব। বিশেষ করে দিনের শুরুতে কিউই পেসারদের মোকাবিলা করে উইকেটে টিকে থাকা বেশ কষ্টসাধ্য জাত ব্যাটারদের জন্যই। আপাতত তাই, সে সব চিন্তা ছেড়ে লক্ষ্যটা এখন যত অল্পতে নিউজিল্যান্ডের ব্যাটারদের বেঁধে দেয়া যায়।

 

জয় বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান। হয়নি, চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখা। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, ইন-শা-আল্লাহ কম রানে অলআউট করা সম্ভব।’

 

 

সর্বশেষ
জনপ্রিয়