বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা
প্রবাস নিউজ ডেস্কঃ
ম্যাচশেষে হাত মেলানো ক্রিকেটের সৌহার্দ্যপূর্ণ আচরণ হলেও বাংলাদেশের বিপক্ষে সেটি করেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩ উইকেটের হারের পর তারা সোজা পাড়ি দিয়েছে ড্রেসিংরুমে।
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিতর্ক উঠেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট, নিয়ে। সে ক্ষোভ থেকেই তারা এমন আচরণ করতে পারে বলে ধারণা। ম্যাচশেষে অধিনায়ক কুশল মেন্ডিস ও ম্যাথুসের বক্তব্যে স্পষ্ট ছিল সে ক্ষোভ।
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। আইসিসির আইনে ‘টাইমড আউটের’ কথা উল্লেখ থাকলেও সেটা ভারত বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে। সাকিব আল হাসানের বলে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসতে কিছুটা সময় নেন ম্যাথুস।
আইসিসির নিয়ম অনুয়ায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর ২ মিনিটের মধ্যে অপর ব্যাটারকে ক্রিজে এসে বল মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মাঠে ঢুকলেও হেলমেট নিয়ে কিছুটা অসুবিধায় পড়েছিলেন ম্যাথুস। যার কারণে সেটা আবার পরিবর্তন করতে যান তিনি। তাতে নির্ধারিত সময় অতিক্রম হয়ে গিয়েছিল। এমন সময় আম্পায়ারের কাছে ‘টাইমড আউটের’ আবেদন করেন সাকিব। দুই ফিল্ড আম্পায়ার আলোচনা করে ম্যাথুসকে আউটের সিদ্ধান্ত দেন। যেটা মেনে নিতে পারেননি ম্যাথুস ও তার দল।
ক্ষোভ ধরে রেখে ম্যাচশেষে সাকিবদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন তারা। সরাসরি প্রবেশ করেন ড্রেসিংরুমে। ম্যাচশেষে হাত মেলানো ক্রিকেটের কোনো নিয়ম নয়। তবে মাঠের লড়াই শেষে সব দলই একে অপরের বিপক্ষে সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে এমনটা করে থাকে। কিন্তু ম্যাথুসের সে আউটের বিতর্কে নিয়েই যে তাদের এমন আচরণ, সেটা ম্যাচশেষে সাক্ষাতকার দেয়া মেন্ডিস ও ম্যাথুসের বক্তব্যেই স্পষ্ট।
মেন্ডিস অভিযোগ আনেন, ৫ সেকেন্ড বাকি থাকলেও ম্যাথুসকে আউট দেয়া হয়েছিল। লঙ্কান অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। যখন ম্যাথুস ক্রিজে এসেছিল তখনো ৫ সেকেন্ড বাকি ছিল। আসার পর সে হেলমেটে সমস্যা দেখতে পায়। এটা হতাশাজনক। আমরা আশা করেছিলাম সে আমাদের জন্য রান করবে। এটা হতাশাজনক যে আম্পায়াররা এখানে কোনো পদক্ষেপ নিতে পারেননি।’’
অন্যদিকে সাকিবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন ম্যাথুস। তিনি বলেন, ‘অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে। তারা যদি তাদের ক্রিকেট এভাবে খেলতে চায় তাহলে বলব সেখানে ঘোর সমস্যা। অবশ্যই তারা তাদের মানটা নিচে নিয়ে গেছে।’
বিষয়টি নিয়ে ম্যাচশেষে কথা বলেছেন সাকিব নিজেও। প্রথমে তার মাথায় এমন চিন্তা ছিল না বলেই জানান তিনি। দলের স্বার্থে তিনি এমনটি করেছিলেন বলেও জানান।
সাকিব বলেন, ‘আমাকে একজন ফিল্ডার এসে বলেছে, এখন চাইলে আমরা আপিল করতে পারি। তাহলে ও আউট হয়ে যাবে। আমি তখন আপিল করেছি। এখানে ইতিবাচক-নেতিবাচক অনেক তর্ক হতে পারে। তবে আমি নিয়মের মধ্যে থেকেছি। আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম। এখানে আমার কাছে জয় ছাড়া অন্য কিছু ভাবনাতেই ছিল না। আমি আইনের মধ্যে থেকে জিততে চেয়েছি।’
ম্যাথুসের আউটের আগে ২৪.২ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করেছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৭৯ রানে থামে তাদের ইনিংস। এদিন নাজমুল হোসেন শান্তর ৯০ ও সাকিবের ৮২ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৫৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








