কানাডা-যুক্তরাষ্ট্রের ১৫০ থিয়েটারে ‘অন্তর্জাল’
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢালিউডের সিনেমা এখন শুধু বাংলাদেশের সিনেমা হলে সীমাবদ্ধ নেই। বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। হলিউড-বলিউডের মতো বড় বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দিয়েই যেন চলছে। এরই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমাটিও আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়তে যাচ্ছে।
আগামী ২২ সেপ্টেম্বর দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী এ সিনেমা মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। একই দিনে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিপাচ্ছে সিনেমাটি। আমেরিকা, কানাডাসহ বিশ্বের রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। এক বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিমের পক্ষ থেকে জানানো হয়, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রেই ১৫০টি বিখ্যাত থিয়েটারে ২২ সেপ্টেম্বর থেকে চলবে ‘অন্তর্জাল’।
অন্তর্জাল টিমের দাবি, এটাই আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড। এমনকি বাংলাদেশের চাইতেও আমেরিকায় বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আমেরিকার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস্, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেনটাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, ক্যানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, লুইজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি ও কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে ২২ সেপ্টেম্বর একযোগে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।
‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশ্যাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত হয়েছে এ সিনেমা।
এ সিনেময় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ অনেকেই।
দীপংকর দীপন জানান, অন্তর্জাল সিনেমার গল্প একেবারেই মৌলিক ও বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন গল্প। প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্মার্ট তরুণদের জীবনের সঙ্গে প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বুননে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার জগত আর প্রযুক্তির সিনেমা ‘অন্তর্জাল’। এর প্লট গবেষণা করেছেন ও গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। দেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে- দি অভি কথাচিত্র। কানাডা ও আমেরিকায় পরিবেশনা করছে- স্বপ্ন স্কেয়ারক্রো।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








