ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে, কমেছে ভারতে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩  

গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুমাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ২.৯৫ শতাংশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক পরিসংখ্যানে বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানান।

পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে তৈরি পোশাক শিল্পের বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ২.৯৫ শতাংশ বেড়ে ১.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পূর্ববর্তী অর্থবছরের (২০২২-২৩) একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১.৪২ বিলিয়ন মার্কিন ডলার ।

একই সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৮১ শতাংশ বেড়ে ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এ সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানিতে রপ্তানি বছরওয়ারিভাবে ৬.২৯ শতাংশ হ্রাস পেয়ে ৯৯৪ মিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। এছাড়া একই সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের কিছু বড় বাজারে রফতানি যথাক্রমে ২৬.৯৪ শতাংশ, ৮.৪৫ শতাংশ, ২৮.৭৩ শতাংশ, ১৮.৯৫ শতাংশ এবং ২৬.৩৭ শতাংশ বেড়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি হয়েছে ৯৭৬.৭৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২৪৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার। উভয় বাজারে এ দুমাসে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৯.১৪ শতাংশ এবং ৭.২২ শতাংশ।

একই সময় অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২১.৯৪ শতাংশ বেড়ে ১.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রফতানি বেড়েছে যথাক্রমে ৩৩.৯৭ শতাংশ, ৪৯.৫২ শতাংশ এবং ১৯.৫১ শতাংশ। তবে ইপিবির তথ্যানুযায়ী, প্রতিবেশী ভারতে পোশাক রপ্তানি কমেছে ৩.১৪ শতাংশ।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়