ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

মরক্কো উপকূল থেকে ১৯০ অভিবাসী উদ্ধার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৭:০৫, ২৫ আগস্ট ২০২৩  

ছোট নৌকা নিয়ে সাব সাহারা আফ্রিকার হাজারো অভিবাসী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইউরোপে আসার চেষ্টা করেন। 

সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ১৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে মরক্কোর উপকূল থেকে উদ্ধার করে তাদের অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা থামিয়ে দিয়েছে দেশটির নৌবাহিনী।

মঙ্গলবার মরক্কোর দক্ষিণ উপকূল এবং পশ্চিম সাহারার কাছে সমুদ্র অনুপযোগী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমএপি।

মরক্কোর সামরিক সূত্রের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ বছরের ৪ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৫১৮ জন অভিবাসনপ্রত্যাশীকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার করে মরক্কো উপকূলে ফিরিয়ে আনা হয়েছে।

এমএপি জানিয়েছে, ‘টান-টান এবং দাখলার মধ্যবর্তী জলে’ মরক্কো নৌবাহিনীর সদস্যেরা অভিবাসনপ্রত্যাশীদের খুঁজে পান। এই ১৯০ জনের মধ্যে ১১ জন নারী রয়েছেন।

মরক্কোর দক্ষিণ উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার বা ৯৩ মাইল। তাই অভিবাসনপ্রত্যাশীরা মৃত্যুঝুঁকি জেনেও এই বিপজ্জনক রুটটি বেছে নেন ইউরোপে পৌঁছার আশায়৷ সম্প্রতি, এই রুটে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়েছে।

মরক্কো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২৬ হাজার অনিয়মিত অভিবাসন প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছে তারা।

অন্যদিকে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সাত হাজার ২১৩ জন অভিবাসী নৌকায় চড়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

সেনেগাল কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝিতে মরোক্কোর কাছাকাছি এসে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে ১৩ জন সেনেগালের নাগরিক মারা যান।

গেলো সপ্তাহে আটলান্টিক মহাসাগরীয় আফ্রিকার আরেকটি দেশ কেপ ভার্দের উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ৬০ জন মারা গেছেন। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৮ জনকে। তাদের মধ্যে ৩৭ জনকে নিজ দেশে সেনেগালে ফেরত নিয়েছে দেশটির সরকার। অপরজনের শারীরিক অবস্থা এখনও ভ্রমণ করার মতো উপযোগী হয়নি।

সোমবার সেনেগালের স্থানীয় সময় সন্ধ্যায় তারা নিজ দেশে পৌঁছায়। বেঁচে ফেরাদের অধিকাংশই দেশটির ফাস বোয়ে গ্রামের বাসিন্দা।

গত ১০ জুলাই ১০১ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে সেনেগাল ছেড়ে আসে নৌকাটি। তারা সবাই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন।

বেঁচে ফেরাদের অনেকে জানিয়েছেন, তাদের বহনকারী নৌকাটির জ্বালানি ফুরিয়ে যায়৷ এরপর ১৬ আগস্ট একটি মাছ ধরার নৌকা তাদের খুঁজে পায৷ এর আগ পর্যন্ত তারা সমুদ্রে ভাসছিলেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়