লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
প্রবাস নিউজ ডেস্ক :
লিবিয়ায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে দুই তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার গোলাম আজিম রুবেল (২৪)। গত বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে দেশটিতে তার সঙ্গে থাকা আত্মীয় পারভেজ মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন।
নিহত রুবেল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলা কিবরিয়ার ছেলে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে রুবেল। প্রথমে সে সৌদি আরব যাবে এমন সিদ্ধান্ত হলেও পরবর্তীতে ইতালি যাবে বলে সিদ্ধান্ত নেয়। পরিবারের ইচ্ছে না থাকলেও নিজের জীবন-জীবিকার কথা চিন্তা করে গত ৮ মাস আগে দুবাই এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুবেল। দুবাই গিয়ে কয়েকদিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায় সে। পরে সেখানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আরও ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করে।
তিনি আরও জানান, গত দেড় মাস আগে বেনগাজি শহরের ওই বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ তাদের কয়েকজনকে আটক করে। পরবর্তীতে টাকা দিয়ে তারা ছাড় পায়। বুধবার রাতে পুনঃরায় লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ সবাই বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে।
এ সময় রুবেল দুই তলা একটি ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থাকে। এক পর্যায়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যায়।
ফুফাতো ভাই রবিন জানান, লাশ উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে। লাশ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছে।
এদিকে রুবেলকে হারিয়ে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাদিয়া খাতুন। বাকরুদ্ধ হয়ে আছেন তার বাবা গোলাম কিবরিয়া।
রুবেলের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চেয়েছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








