ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

বর্ণিল আয়োজনে ডব্লিউইউএসটির সমাবর্তন সম্পন্ন

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ২৩:৩৫, ১৯ জুন ২০২৩  

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি মালিকাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ভার্জিনিয়ার ফলস চার্চে জর্জ সি মার্শাল হাই স্কুল অডিটরিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ডব্লিউইউএসটির শিক্ষার্থীগণের (ক্লাস অব টোয়েন্টি টোয়েন্টি থ্রি) সমাবর্তন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সমাদৃত শিক্ষানুরাগীসহ সমাজকর্মীরা জড়ো হন। ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণও।

ভার্জিনিয়ার ফলস চার্চে জর্জ সি মার্শাল হাই স্কুলের আলো ঝলমাল অডিটরিয়ামে গাউন ও হ্যাট পরে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন প্যারেডে অংশ নেন। এ উপলক্ষে প্রাঙ্গণটি কালো ও কমলার গাউন পরা নব্য গ্র্যাজুয়েটদের আনাগোনায় ভরে ওঠে। অন্যদিকে সমাবর্তন অনুষ্ঠানে আগত অতিথিরা পরেছিলেন কালোর সঙ্গে হরেক রঙ মিশিয়ে-কোনোটি নীল, কোনটি মেজেন্ডা কিংবা লাল।

সমাবর্তনে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্তিত ছিলেন সাবেক ইউএস রিপ্রেজেন্টেটিভ জিম মোরান। এ ছাড়া অতিথি বক্তা ছিলেন ভার্জিনিয়ার স্টেট সিনেটর চ্যাপ পিটারসেন।

এদিকে সমাবর্তন উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শুভেচ্ছাপত্র পান ডব্লিউইউএসটি শিক্ষার্থীরা। বিল ক্লিনটনের ওই শুভেচ্ছাবার্তা বহন করে আনেন তারই প্রশাসনিক কর্মকর্তা বব জে ন্যাশ।

চিঠিতে সাবেক ইউএস প্রেসিডেন্ট ডব্লিউইউএসটির কার্যক্রমের প্রশংসা করেন। এ ছাড়া ডব্লিউইউএসটির শিক্ষাসেবা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে সে আহবানও জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনশীল পৃথিবীকে সঠিক পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আপনাদের।

এ ছাড়া বাংলাদেশি মালিকানাধীন একমাত্র এই ইউনিভার্সিটির চ্যান্সেলর আবুবকর হানিপকে অভিবাদন-শুভেচ্ছা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শ্যুমার, কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং কংগ্রেসম্যান গ্যারি কনোলি, স্টেট সিনেটর শেখ রহমান ও চ্যাপ পিটারসন ছাড়াও সাবেক কংগ্রেসম্যান জিম মোরান।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়