ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

নিউইয়র্কে প্রথমবারের মতো উদ্‌যাপিত হলো বাংলাদেশ ডে প্যারেড

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২০:২৬, ২৮ মে ২০২৪  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার (২৬ মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়কজুড়ে প্যারেডে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডে অংশ নেয় বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

 

প্রথমবারের মতো নিউইয়র্কের জাকসন হাইটসের বাংলাদেশ ডে প্যারেড বাংলাদেশিদের জন্য এক অভাবনীয় দৃশ্য। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ও গোল্ডেন এইজ হোম কেয়ারের সহযোগিতায় আয়োজিত প্যারেডে অংশ নেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন দেশের পতাকা, বিশেষ প্রশিক্ষিত অশ্বারেহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন।

 

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। এ সময় তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা এখন নিউইয়র্কের অন্যতম শক্তিশালী কমিউনিটি।

 

এছাড়াও এ প্যারেডে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারাসহ আইন প্রণেতারাও অংশ নেয়। এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত সবাই। বাংলাদেশি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী এবং সংগীতশিল্পী রানো নেওয়াজ। প্যারেডের গ্রান্ড মার্শাল ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী শাহ নেওয়াজ।

 

 

চিত্রনায়িকা মৌসুমী এ আয়োজন দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠান নিউইয়র্কে আরও আগে থেকে শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি আরও বড় হতো।

 

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেয়া হয়। পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষির মানুষ অংশ নেয়।

 

 

প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্যারেড উপভোগ করে। এ প্যারেডে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধেও বিক্ষোভ করে কেউ কেউ।
 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়