ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হলেন বাংলাদেশি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:০৬, ১৮ মে ২০২৪  

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ। বুধবার (১৫ মে) সন্ধ্যায় হোয়াটচ্যাপেলের টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভোটাভুটি হয়। এ সময় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে ২০২৪-২৫ পৌর বর্ষের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন খালেদ।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হন সায়েফ উদ্দিন খালেদ। 

নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টির ২৪ কাউন্সিলর, নির্বাহী মেয়র, কনজারভেটিভ পার্টি ও গ্রীন পার্টির কাউন্সিলরের ভোটসহ মোট ২৭টি ভোট পড়ে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ এর পক্ষে। এসময় লেবার পার্টি কোনো বিরোধিতা না করে ভোটদানে বিরত থাকে।

তিনি কাউন্সিলর জাহেদ বখত চৌধুরীর স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর সুলুক আহমদ। 

এছাড়া কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় নতুন তিন জন কাউন্সিলরকে কেবিনেটে অন্তর্ভূক্ত করা হয়। তারা হলেন কাউন্সিলর শাফি আহমেদ, কাউন্সিলর মুসতাক আহমেদ এবং কাউন্সিলর কামরুল হোসেইন।

এছাড়াও নতুন কেবিনেটে রয়েছেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ূম তালুকদার , কাউন্সিলর সাইয়েদ আহমদ, কাউন্সিলর কবির আহমদ, কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী।

স্পিকার নিযুক্ত করায় কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদ।

২০২২ সালের মে মাসে টাওয়ার হ্যামলেটসের ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন সায়েফ উদ্দিন। ২০২৩ সালে কাউন্সিলের ডেপুটি স্পিকার পদ লাভ করেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি কাউন্সিলের স্পিকার নির্বাচিত হলেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়