মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি। শনি ও রোববার দেশটির ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় তারা পাসপোর্ট সংগ্রহ করেন।
দেশটিতে চলমান বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যেন বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে আসছে হাইকমিশন।

রোববার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবাকেন্দ্র থেকে সরাসরি পাসপোর্ট বিতরণ করছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন। ছবি- সংগৃহীত
হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশে ছুটির দিনেও পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবাও চালু রয়েছে। শুধু পাসপোর্ট বিতরণই নয়, যাদের পাসপোর্ট আবেদনে তথ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে, দুই দিনে এ রকম প্রায় সাড়ে ৪শ’র বেশি পাসপোর্ট আবেদনকারীর সমস্যা সমাধান করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, দেড় হাজার পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ দেশটির জোহর প্রদেশে অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ ও কন্স্যুলার সেবা দেওয়া হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে। পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহের জন্য লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

হাইকমিশনের পাসপোর্ট সেবাকেন্দ্র থেকে সরাসরি পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের ভীড়। ছবি- সংগৃহীত
অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। তবে একই সাথে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।

হাইকমিশনের পাসপোর্ট সেবাকেন্দ্র থেকে সরাসরি পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের ভীড়। ছবি- সংগৃহীত
এছাড়া পাসপোর্ট সেবার পাশাপাশি জোহর বারুতে ৩১ মার্চ পাসপোর্টের তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতিমূলকপত্র বা লেটার অব ইন্ট্রোডকিশন, পাসপোর্ট এর ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়নপত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়নপত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন, অন্যান্য কাগজপত্র সত্যায়ন (কন্স্যুলার সেবা) করা হবে।

এক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে কনস্যুলার টিমের কাছে জমা করতে হবে বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








