ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিজ্ঞানী হিসেবে যোগ দিলেন বাংলাদেশি টুটুল

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫৫, ৩০ জানুয়ারি ২০২৪  

যুক্তরাষ্ট্রে উচ্চপদের বিজ্ঞানী হিসেবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী আমির উজ্জামান টুটুল। তিনি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) টেরেস্ট্রিয়াল ও স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করবেন। 

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টের জিএস-১৪ গ্রেড (সর্বোচ্চ গ্রেড জিএস-১৫) পদ মর্যাদায় গত ১৬ জানুয়ারি তিনি কর্মস্থলে যোগদান করেন। রাজশাহী শহরের কোর্ট অঞ্চলের কৃতি সন্তান আমির উজ্জামান টুটুল যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে যোগদানের খবরে গর্ববোধ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

টুটুল আমেরিকার একজন বিজ্ঞানী হিসেবে পর্যায়ক্রমে জাতিসংঘের অঙ্গসংস্থা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), টেরেস্ট্রিয়াল ৫-জি এবং স্পেস ইন্জিনিয়ারিংয়ের প্রজেক্টগুলোতে জাতিসংঘ সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড বা বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্যান্য আইটিইউ’র শাখাগুলোতে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সদস্য দেশের স্পেশ এজেন্সি প্রতিনিধি বা বিজ্ঞানীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন টেরেস্ট্রিয়াল এবং মহাকাশ বিজ্ঞানী হিসেবেও তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

ফ্রিকোয়েন্সি পরিকল্পনা এবং ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ম্যানেজমেন্ট, সমন্বয় ও পরামর্শ, ফ্রিকোয়েন্সি বরাদ্দকরণ, ব্যবহার, ফ্রিকোয়েন্সি অ্যাসাইনমেন্ট, ফ্রিকোয়েন্সি অনুমোদন, নীতি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ারেন্সের (আরএফআই) জন্য আমেরিকান স্পেস এজেন্সি নাসা এবং আন্তর্জাতিক বিভিন্ন সদস্য দেশের স্পেস এজেন্সির সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে তিনি সম্মিলিত গবেষণা ও উন্নয়নের কাজ করবেন।

টুটুল এর আগে আমেরিকান এয়ার ফোর্স, লকহীড মার্টিন করপোরেশন, টি-মোবাইল ইউএসএ, এটি অ্যান্ড টিইউএসএ, ইত্যাদি কোম্পানিগুলোতে রেডিও ফ্রিকোয়েন্সি ইন্জিনিয়ারিং ফিল্ডের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তার ফিল্ড অব এক্সপার্টিজ, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ই ডাব্লিউ), দুরপাল্লার মিসাইল, সেন্সর, অ্যাটাক, জ্যামিং, স্যাটেলাইট, মহাকাশ এবং নাসার ডিপ স্পেস সায়েন্টিফিক রেডিও ফ্রিকোয়েন্সি ডিজাইন, ৫-জি এনআর, ৪-জি এলটিই, ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং পারফরমেন্স অ্যানালাইসিস পদেও তার অবদান ছিল অনন্য।

টুটুল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রোনিক ইন্জিনিয়ারিংয়ে ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি শেষ করেন। পরে তিনি আমেরিকার হার্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি এবং কানেকটিকাট স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করে। ২০১৯ সালে তিনি নিউইয়র্কের বিং-হামটন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি প্রোগ্রাম শুরু করেন। কিন্তু ২০২০-২০২২ সাল পর্যন্ত মহামারি করোনার কারণে মাঝপথে এসে তার পিএইচডি প্রোগ্রাম থেমে যায়। তবে এফএএ’র মাধ্যমে তার পিএইচডি প্রোগ্রামের বাকি কাজগুলো আবারও শুরু করবেন।

টুটুল রাজশাহী শহর কোর্ট অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আলহাজ আব্দুল মজিদ ও প্রয়াত খোকন বেগমের ছেলে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়