ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মিয়ানমারে প্রথম বাংলাদেশ শিক্ষামেলা অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ২১:৩৯, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:৪১, ৪ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইয়াঙ্গুনে গতকাল ৩ ডিসেম্বর রবিবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন স্থানীয় মেলিয়া হোটেলে মেলা উদ্বোধন করেন। মেলায় মিয়ানমারের বিপুল সংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশের স্বনামধন্য সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অংশগ্রহণ করে।   
শিক্ষামেলা উপলক্ষ্যে দূতাবাস ”সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষা” শীর্ষক সেমিনারের আয়োজন করে। রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন তার স্বাগত বক্তব্যের শুরুতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উল্লেখ করে বলেন, আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হওয়ার পথে আছি। তিনি বলেন এই অভিলক্ষ্যে পৌছাতে প্রয়োজন দক্ষ জনশক্তি গড়ে তোলা। রাষ্ট্রদূত বলেন যে এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও উচ্চশিক্ষা প্রসারে উৎসাহ প্রদান করছে। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়সমূহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্বল্প খরচে গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে।   
এই শিক্ষা মেলা শুধু দু’দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কেরই উন্নয়ন ঘটাতে সাহায্য করবেনা বা বরং তা দু’দেশের মানুষের মাঝেও যোগাযোগ স্থাপন করবে। তিনি আরো বলেন যে এই মেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চ-শিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 
অংশগ্রহণকারী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়সমূহ তাদের প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স এবং আনুষঙ্গিক সুবিধাদিসহ অন্যান্য বিষয়সমূহ তুলে ধরেন। উপস্থাপনার পরে শিক্ষার্থী ও আগত অতিথিবৃন্দ ভর্তি প্রক্রিয়া ও বিদ্যমান কোর্স সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের কাছে জানতে চান। মিয়ানমারের শিক্ষার্থী, ইয়াঙ্গুনে অবস্থিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগণ, শিক্ষাবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে Mr. Nay Oke, President of the Private Schools-Colleges-Universities Association of Myanmar বক্তব্য রাখেন। তিনি তার প্রতিষ্ঠান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে সহযোগিতার প্রস্তাব দেন। 
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন সম্প্রতি “Campus Connect” শিরোনামে জনকূটনীতিমূলক নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে মিয়ানমারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জাদুঘর এবং অন্যান্য সাংস্কৃতিক সংস্থার সাথে যোগাযোগ স্থাপন এবং দু’দেশের সমপর্যায়ের সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।  
শিক্ষামেলা উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এক নৈশভোজের আয়োজন করে যেখানে Mr. Nay Oke, ইয়াঙ্গুনস্থ ০৫ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের রেক্টরগণ, North South University এর উপাচার্য, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিগণ, Mr. Thant Kyaw, Chairman of Myanmar Institute of Strategic and International Studies (MISIS) এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়