কলকাতায় এখন আরও নিরাপদ বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
কলকাতার নিউমার্কেট এলাকাকে বাংলাদেশি পর্যটকদের জন্য নিরাপদ করতে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা, স্থাপন করা হয়েছে সার্বক্ষণিক অভিযোগ কেন্দ্র ছাড়া। এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি খুশি বাংলাদেশ থেকে আসা পর্যটকরাও।
বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তায় কলকাতার নিউমার্কেট এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা, স্থাপন করা হয়েছে সার্বক্ষণিক অভিযোগ কেন্দ্র। ছবি: সময় সংবাদ
মধ্য কলকাতার নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ যে কয়েকটি রাস্তা রয়েছে, তার মধ্যে সদর স্ট্রিট, রফি আহমেদ কিঁদয় স্ট্রিট, মার্কুইস স্ট্রিট অন্যতম। আর এসব রাস্তার দুই ধারে অসংখ্য আবাসিক হোটেল, রেস্টুরেন্ট- বিপনীবিতানসহ প্রসাধনীর দোকান গড়ে উঠেছে কেবল বাংলাদেশি পর্যটকদের আসা-যাওয়ার কারণে। সময়ের সঙ্গে বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা, গতি বাড়ছে অর্থনীতির চাকার।
কিন্তু বাস্তবতা হচ্ছে, পর্যটকদের আসা যাওয়ার ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ছোটখাটো বিড়ম্বনাও। যেমন, অনেক পর্যটক তাড়াহুড়ো করে চলতে গিয়ে ভুলে কোথাও ফেলে যাচ্ছেন ব্যাগ কিংবা ওয়ালেট। আবার রাস্তা দিয়ে হাঁটার সময় প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে ডলার এবং টাকাও। এমনকি বহু ঘটনায় দেখা গেছে, অনেক পর্যটক হারিয়ে ফেলছেন পাসপোর্ট।
এছাড়াও বাংলাদেশি পর্যটকদের বড় একটি অংশের দাবি ছিল, পুরো এলাকাটি করতে হবে বাংলাদেশি পর্যটক-বান্ধব। সেটা আসলে কী? এর উত্তরে অনেকে বলেছেন, আবাসিক হোটেলগুলোতে একই রুম কোথাও মিলছে এক হাজার ৮০০ রুপিতে। আবার কোথায় বলছে দুই হাজারের বেশি। খাবারে দোকানগুলোও একটা এগ রোল কোথাও বিক্রি হচ্ছে ৪০, কোথাও ৬০ টাকায়। সবচেয়ে বড় অভিযোগ, স্থানীয় পরিষেবাদানকারীদের আচরণ। সেই আচরণে নেই সৌজন্যতা এবং সম্মানের আঁচ। এসব কিছুই আনতে হবে সঠিক জবাবদিহিদার আওতায়। আর সেটা করা হলেই এই গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেবে প্রকৃত পর্যটক-বান্ধব।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই অঞ্চলের প্রভাবশালী ব্যবসায়ী নেতা মনতোষ সরকার জানান, পুরো বিষয়টি নিয়ে এর আগে দফায় দফায় সবার সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এসে যেসব পরিষেবাগুলো নিয়ে থাকেন; তারা সবাই একমত হয়েছেন যে গোটা এলাকার পরিবেশ বাংলাদেশি পর্যটক-বান্ধব করতে হবে। এখানো কোনো আপস চলবে না।
এর বাইরে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন,
কলকাতায় নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবুও আমরা (স্থানীয় কর্তৃপক্ষ) গোটা এলাকায় নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসিয়েছি। কোনো বাংলাদেশির কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমাদের এখানে এসে কথা বলতে পারেন। এছাড়াও আবাসিক হোটেলে, খাবারের দোকানে কিংবা মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতেও বিশেষভাবে নজরদারি করা হবে, যাতে কোথাও কোনো বাংলাদেশি পর্যটক প্রতারিত না হন।
বিষয়টি নিয়ে কথা হয় স্থানীয় আরেক ব্যবসায়ী নেতা অবণীর ঘোষের সঙ্গে। তার ভাষায়,
আমাদের দেরিতে বোধদয় হলেও এটা ভালো উদ্যোগ। কলকাতায় এমনিতেই নানা কারণে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে। তবে এ ধরনের উদ্যোগের ফলে অনেকেই আবার আসার চিন্তা-ভাবনা করবেন।
ঢাকার বাসিন্দা মিরাজ হোসেনের চোখে পড়েছে নতুন নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়; তিনি মনে করছেন, কোথায় গিয়ে একটা দূরত্ব বাড়ছে বাংলাদেশি পর্যটকদের সঙ্গে কলকাতার স্থানীয় ব্যবসায়ীদের। সেটার কারণ শুধু নিরাপত্তা নয়, কারণ হলো ব্যবহার-আচরণ। সেটা যদি ঠিক করা যায় তবে আবার চাঙা হয়ে উঠবে নিউমার্কেট এলাকার ব্যবসা-বাণিজ্য।
তবে তিনি দৃঢ়ভাবে এটাও স্বীকার করেন যে, কলকাতার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। রাত-বিরাতে ঘুরে বেড়ালেও চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনার শিকার হননি কেউ। তবে জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটে প্রায়।
মার্কুইস স্ট্রিটের একটি ব্যস্ততম খাবারের দোকানের একজন কর্মকর্তা জানালেন, সম্প্রতি দুটি পার্সপোর্ট পাওয়া গিয়েছিল। সেটা উদ্ধার করে সংশ্লিষ্ট বাংলাদেশি পর্যটকদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া সম্প্রতি দুই বাংলাদেশি যুবকের কাছ থেকে দুটি আইফোন হারিয়ে গিয়েছিল, সেটিও খুজে বের করে তাদের হাতে তুলে দেয়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে নিউমার্কেট এলাকায়। ভবিষ্যতে আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








