ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মেলবোর্নে বাণিজ্যমেলায় বাংলাদেশি ১৯ প্রতিষ্ঠান

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:২০, ২২ নভেম্বর ২০২৩  

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) মেলবোর্নের কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ নামে এ প্রদর্শনী শুরু হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরিপোশাক সামগ্রী প্রদর্শন করছে ১৫টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া তৈরিপোশাক ও গৃহসজ্জাসহ চারটি বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।

বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। এ সময় বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর তাহলীল দেলাওয়ার মুন ও কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুইবার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ শতাংশই তৈরিপোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়