ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

জর্দানে ডিপ্লোমেটিক বাজারে ব্যাপক সমাদৃত বাংলাদেশের পণ্য ও খাদ্যস

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৩, ৫ নভেম্বর ২০২৩  

জর্দানে ৫৮তম ডিপ্লোমেটিক বাজারে বাংলাদেশের পণ্য ও খাদ্যসামগ্রী ব্যাপক সমাদৃত হয়েছে। জর্দানে বাংলাদেশ দূতাবাস মেলায় বাংলাদেশের পণ্য ও খাবারের দুটো আলাদা স্টলে বাংলাদেশের নিজস্ব বর্ণিল পণ্য ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করে। মেলার মাধ্যমে সংগৃহীত অর্থ জর্দানের মাবররাত উম আল হুসাইনের তহবিলে জমা করা হবে।

দূতাবাস জানায়, তাদের এই অংশগ্রহণ একই সঙ্গে বাংলাদেশের কারুশিল্প ও রন্ধনশিল্পকে বিশ্বের বুকে তুলে ধরতে এবং জর্দানের রাজপরিবার কর্তৃক পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

ডিপ্লোমেটিক বাজারে বিভিন্ন দেশের দূতাবাসের স্টল ছিল। তারা তাদের নিজস্ব দেশীয় পোশাক ও রকমারি সাজে তাদের নিজ নিজ দেশের উৎপাদিত পণ্য উপস্থাপন করে। বাংলাদেশের তৈরি নকশিকাঁথা, সিল্ক ও জামদানি শাড়ি, স্কার্ফ, পাটজাত পণ্য, তামার তৈরি পণ্য, কাঠ ও বেতের তৈরি পণ্য, চামড়ার তৈরি পণ্যসহ নানা ধরনের হস্তশিল্প স্টলে স্থান পায়। এ ছাড়া বাংলাদেশি চা, সরিষার তেল ও নানা ধরনের মসলার প্রতিও দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টান্নসহ ২২ ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার স্টলে উপস্থাপন করা হয়। বাংলাদেশি চা-পাতায় তৈরি দেশি দুধ-চা ও ফুচকা ছিল দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে।

জর্দানের প্রিন্সেস বাসমা বিনত তালাল ডিপ্লোমেটিক বাজারের উদ্বোধন করেন। বাংলাদেশের স্টল পরিদর্শনকালে তিনি বাংলাদেশের পণ্যের ও দাতব্য কাজে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।

জর্দানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহানের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় দূতাবাসের সদস্যরা বাজারে অংশগ্রহণ করেন। বাজারে জর্দানপ্রবাসী বাংলাদেশিদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়