‘টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে’ বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
টোকিও বিগ সাইট ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও, অক্টোবর, ২০২৩’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। গত ১০ অক্টোবর তিন দিনব্যাপী ওই প্রদর্শনী শুরু হয়। জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, ফ্যাশন ওয়ার্ল্ড জাপানের ফ্যাশনশিল্পের জন্য সবচেয়ে বড় ট্রেড শো। এ বছর সারা বিশ্বের প্রায় ১১৫০টি পোশাক, ব্যাগ, জুতা, টেক্সটাইল, চামড়া ও ফ্যাশন আনুষঙ্গিক উৎপাদনকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বাজার উন্নয়ন উদ্যোগের আওতায় বাংলাদেশের পোশাক ও চামড়াশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি স্বনামধন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নেয়। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ মেলার প্রথম দিনে (১০ অক্টোবর) বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে।
মেলার দ্বিতীয় দিনে বাংলাদেশ দূতাবাস ‘মেড ইন বাংলাদেশ টেক্সটাইল, চামড়া ও পাটজাত পণ্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
মারুহিসা কোং লিমিটেডের প্রেসিডেন্ট কিমিনোবু হিরাইশি এবং মারুতোমি কোং লিমিটেডের প্রেসিডেন্ট তোশিনাও ওকুনাকা বাংলাদেশে তাদের ব্যাবসায়িক অভিজ্ঞতার ওপর ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ উপস্থাপন করেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) আরিফুল হক বাংলাদেশের টেকসই কারখানার ওপর বক্তব্য দেন এবং দূতাবাসে জাপানি ব্যবসায়ীদের প্রদত্ত সেবার কথা উল্লেখ করেন।
১১ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন জাপানি কম্পানি ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করে। এ সময় স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে মানসম্পন্ন পণ্য আমদানির জন্য জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা জাপান-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধিতে জেট্রোর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
বাংলাদেশ দূতাবাস জানায়, জাপান বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার। ২০২২-২৩ সালে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১৯০ কোটি মার্কিন ডলার। আগের বছরের তুলনায় তা উল্লেখযোগ্য মাত্রায় বেশি। মেলায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশের অংশগ্রহণ জাপানের বাজারে বিদ্যমান প্রভাব ধরে রাখতে এবং রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








