ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

গ্লোবাল গেটওয়ে ফোরামে শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা বিশ্বনেতাদের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৫৯, ২৭ অক্টোবর ২০২৩  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুদিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এর অংশগ্রহণকারীদের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ফোরামের উদ্বোধনী অধিবেশনে গত ১৫ বছরে দেশের যুগান্তকারী অর্থনৈতিক অগ্রগতি অর্জনে তার অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে আবেগঘন কণ্ঠে বক্তৃতাকালে অংশগ্রহণকারীরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান।

লন্ডন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ইইউ টুডের এক প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে দেশের অভ্যন্তরে সংগ্রামের ওপর আলোকপাত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের প্রতি শান্তির জন্য কাজ করার আহ্বান জানান।

 

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার বিশ্বের সর্বোচ্চ, যা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে, যে কোনো মানদণ্ডে এটি একটি অবিশ্বাস্য অর্জন।
 

 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, 

 

 

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের ৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি ১৫ বছরেরও কম সময়ে ৪৬৫ বিলিয়নে উন্নীত হয়েছে।

 

তিনি বলেন, ‘আমরা আমাদের লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি। চরম দারিদ্র্য ২০০৬ সালের ২৫.১ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ২০২৬ সালে জাতিসংঘের এলডিসি মর্যাদা থেকে উন্নীত হতে চলেছে।

 

সরকারপ্রধান জানান,

 

তার সরকার খাদ্য নিরাপত্তা, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় ভর্তি, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, বিনা খরচে আবাসন, গ্রামীণ যোগাযোগ, দুর্যোগ স্থিতিস্থাপকতা, জলবায়ু অভিযোজন, ১০০ শতাংশ বিদ্যুৎ কভারেজ, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ, শিল্প প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে।
 

শেখ হাসিনার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান পরিবারের অন্য ১৮ জন সদস্যের সঙ্গে ১৯৭৫ সালের আগস্টে বিদ্রোহী সেনা অফিসারদের হাতে নিহত হন। তখন ইউরোপে থাকায় কেবল শেখ হাসিনা ও তার ছোট বোন বেঁচে যান। যদিও এরপর শেখ হাসিনাকেও অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই তিনি প্রাণে বেঁচে যান।

 

বিশ্বনেতাদের শান্তির জন্য আন্তরিক অনুরোধের মধ্য দিয়ে তার আবেগঘন বক্তৃতা শেষ হয়। অংশগ্রহণকারীরা এ সময় বিপুল করতালি দিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
 

দুদিনের গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩ ব্রাসেলসে বেসরকারি খাত, সুশীল সমাজ, নেতৃস্থানীয় চিন্তাবিদ, অর্থায়ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং সারা বিশ্ব থেকে সরকারের সবচেয়ে সিনিয়র প্রতিনিধিদের একত্রিত করেছে।

 

বুধবার (২৫ অক্টোবর) গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এর উদ্বোধন করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।তিনি গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহের রূপরেখা তুলে ধরেন এবং তা অর্জনের পদ্ধতির ওপর আলোকপাত করেন।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।

 

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের শুভেচ্ছা বার্তা দিয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশন শেষ হয়।

 

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার দেশের সম্পর্ক, নতুন পরিবহন অবকাঠামোর ফলে অর্থনৈতিক সম্পর্কের ওপর জোর দেন। উদাহরণস্বরূপ তিনি ৩ হাজার ৫২৩ কিলোমিটার দীর্ঘ বেইরা-লোবিটো ট্রান্স-আফ্রিকান করিডোরের কথা তুলে ধরেন। এ করিডোরটি ট্রান্স-আফ্রিকান হাইওয়ে ৯ নামে পরিচিত। করিডোরটি ছয়টি আফ্রিকান দেশের জন্য অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে বলে জানান তিনি।

 

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল স্বাস্থ্যখাতের গুরুত্ব, বিশেষ করে আফ্রিকা কীভাবে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ওষুধ তৈরি করতে পারে সে সম্পর্কে কথা বলেন।

 

এ ছাড়া উদ্বোধনী অধিবেশনে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে কথা বলেন।

 

২০০৯ সালের ২৪ এপ্রিল আলবেনিয়া ইইউর সদস্যপদের জন্য আবেদন করে। ২০১৪ সালের জুনে দেশটির আবেদনপত্র গৃহীত হয়। ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী রামা বলেন, ‘ইইউর সদস্যপদ অর্জন হবে আমাদের সন্তানদের জন্য রেখে যাওয়া একটি উত্তরাধিকার।’

 

সম্প্রতি আলবেনিয়া সফরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রামাকে বলেন, আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে রয়েছে। তিনি বলেন, জোটের সম্প্রসারণ তাদের অগ্রাধিকারের শীর্ষে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়