অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মেক্সিকোর অঙ্গীকার
প্রবাস নিউজ ডেস্কঃ
অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রো অঙ্গীকার করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মেক্সিকোতে অনুষ্ঠিত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি রাকেল বুয়েনরোস্ট্রো একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে উভয় দেশের পক্ষে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে প্রায় পাঁচ দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এই ধরনের এটিই প্রথম বৈঠক।
২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রতিশ্রুতি এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এর অবস্থান তুলে ধরে টিপু মুনশি উভয় দেশের মধ্যকার সহযোগিতা আরও বাড়ানোর জন্য একটি দ্বিপাক্ষিক বাণিজ্য জয়েন্ট গ্রুপ গঠনের প্রস্তাব করেন।
বাংলাদেশ বিদেশি বিনিয়োগের উত্তম জায়গা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছেন। সেখানে বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছেন। এসব অর্থনৈতিক অঞ্চলে মেক্সিকান বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বাংলাদেশের ১৭ কোটির বেশি মানুষের বাজারে প্রবেশের অনুরোধ জানান।
এছাড়া বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের উৎপাদন বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জ্বালানি এবং আইটি খাতে মেক্সিকোর চাহিদা মেটাতে বাজার অন্বেষণেরও আহ্বান জানান।
মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমি বুয়েনরোস্ট্রো দ্বৈত ট্যাক্সেশন এবং কাস্টমসের অনিষ্পন্ন চুক্তিগুলোর সমাধান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসাীয়দের আনুষ্ঠানিক যোগাযোগ ও ব্যবসায়িক ক্ষেত্র অনুসন্ধানের আহবান জানান এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেশটির গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি রচনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ইকোনোমি সেক্রেটারি।
এ সময় বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর অর্থনৈতিক সচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠককালে মেক্সিকোতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, এফবিসিসিআই-এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








