ঢাকা, ২০২৬-০৭-২৭ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

আমিরকে ফেরানোর বিপক্ষে অবস্থান রমিজের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫৫, ৭ এপ্রিল ২০২৪  

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে মোহাম্মদ আমির। তবে কয়েকদিন আগে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই ক্রিকেটার। কিন্তু ফর্মে থাকা এই ক্রিকেটারকে জাতীয় দলে ফেরানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা।

মোহাম্মদ আমিরকে ফেরানোর সিদ্ধান্ত ভালো লাগেনি রমিজ রাজার। 

গত দুই বছরে একাধিকবার বদল এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। সরকার বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশটির ক্রিকেট বোর্ডেও। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন মহসিন নাকভি।     

নতুন চেয়ারম্যান আসার পর বদল এসেছে বেশকিছু ক্ষেত্রে। শাহিন আফ্রিদির জায়গায় টি–টোয়েন্টি অধিনায়ক হয়েছেন বাবর আজম আর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। ইমাদকে জাতীয় দলে ফেরানো নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমিরের বিপক্ষে অবস্থান নিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।

জাতীয় দলে ফেরার ঘোষণা দেয়ার পর দলের ফিটনেস ক্যাম্পে ডাক পেয়েছেন আমির। সেখানে উতরে গেলেই ডাক পেতে পারেন জাতীয় দলে। তবে ফিক্সিংয়ের কারণে তাকে ক্ষমা করতে রাজি নন আমির। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির। কয়েক মাস কাটিয়েছিলেন কারাগারেও। এ কারণেই তাকে দলে ফিরতে দেখতে চান না সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত রমিজ।  

 

তিনি বলেন, 'ইমাদের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। সে পিএসএলে খুবই ভালো করেছে। সে বুদ্ধিমান এবং প্রতিভাবান। আমিরের ব্যাপারে আমার মতামত একদম পরিষ্কার। ওর জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু ক্ষমা নেই। আল্লাহ না করুক, আমার ছেলেও যদি এ ধরনের কাজে জড়ায়, তাকে আমি মেনে নেব না।'

তিনি আরও বলেন, 'আমার মনে পড়ে এই খেলোয়াড়েরা (সালমান বাট ও মোহাম্মদ আসিফসহ) যখন ফিক্সিং করে, আমি তখন লর্ডসে ধারাভাষ্য দিচ্ছি। তাদের পরিচয়ের কারণে মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করল। পরের এক বছর গণমাধ্যমেও আমরা যে পরিমাণ সমালোচিত হয়েছি, আমি সেটা কখনোই ভুলব না।'

আমির ও ইমাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণার পরপর অধিনায়কত্বে বদল এসেছে পাকিস্তানে। গত নভেম্বরে বোর্ডের চাপে বাধ্য হয়ে নেতৃত্ব ছেড়েছিলেন বাবর, নতুন টি–টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু মাত্র এক সিরিজ পরই আফ্রিদিকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরানো হয়েছে। হুটহাট অধিনায়কের বদল নিয়েও কথা বলেছেন রমিজ।

রমিজ বলেন, 'বিশ্বকাপ থেকে আসার পরই বাবরকে যেভাবে সরানো হয়েছিল, সেটা ঠিক ছিল না। কারণ, যে আপনাকে এত দিন সেবা দিয়েছে, পরিশ্রম করে এসেছে, তাকে এভাবে রাজনীতির মাধ্যমে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। আবার শাহিনের ক্ষেত্রে আপনি পর্যাপ্ত সময় দিলেন না। এক সিরিজের ভিত্তিকে মূল্যায়ন করা বাড়াবাড়ি হয়ে যায়। তার মানে, আপনার পরিকল্পনা সঠিক ছিল না। অধিনায়কত্ব অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার।' 

সর্বশেষ
জনপ্রিয়