ঈদের ছবির ৫ কাহন
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। দর্শকরাও ঈদে সিনেমা হলে ভিড় করেন ঈদের ছুটিতে। এবার ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’ নামে পাঁচটি ছবি। ছবিরগুলোর সম্পর্কে পাঁচটি তথ্য নিয়েই এই আয়োজন
অন্যরকম শাকিব
ঈদ উৎসবে সিনেমা হলে শাকিব খানের সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। যে উন্মাদনা এবারের ঈদুল আজহায় আরও তুমুলভাবে দেখা গেল। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিতে শাকিব খানকে শান্ত ও তুফান দুই চরিত্রে দেখতে পাচ্ছেন। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। সিনেমার প্রতিটি দৃশ্যেই যেন এ নায়কের অ্যাকশন মুডের সরব উপস্থিতি; যা দর্শকদের বাড়তি উন্মাদনা দিয়েছে। শহর ও গ্রামের হলগুলোয় দর্শকদের উপচে পড়া ভিড় ঈদের দিন থেকেই দেখা যাচ্ছে। গায়ে ‘তুফান’-এর পোস্টার সংবলিত টি-শার্টে মিছিল করতে করতে ভক্তরা হলে এসেছেন সিনেমা দেখতে। রাজধানীর মধুমিতা হলে তো ব্যান্ড পার্টি নিয়েও সিনেমা দেখতে এসেছেন ভক্তরা। সিনেমা হল থেকে বের হয়ে উচ্ছ্বাসের যেন কমতি ছিল না তাদের মধ্যে। প্রিয় নায়ককে এমন লুকেই যেন দেখার প্রত্যাশা ছিল তাদের দীর্ঘদিনের। রাজধানীর বাইরে জেলা-উপজেলা শহরের হলগুলোতেও উপচে পড়া দর্শকদের ঢল দেখা গেছে। অন্যদিকে ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে বাংলা সিনেমায় নতুন নজির স্থাপন করছে যেন। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানান, “২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।”
আকর্ষণ ছিল চঞ্চলে
‘তুফান’ ছবিতে চঞ্চল চৌধুরী– এই এমন একটি খবরই সিনেমাটির হাইপ বাড়িয়ে দিয়েছিল বহুগুণে। শাকিব খানের সঙ্গে একই সিনেমায় তাঁর মতো অভিনেতার উপস্থিতি যে চাঞ্চল্যকর হবে তা অনুমেয় ছিল। ‘তুফান ভয় পাইছিরে...’ টিজারে চঞ্চল চৌধুরীর মুখে এমন সংলাপ প্রত্যাশার পারদ ছুঁয়ে যায় আকাশ। শাকিব খান ছাড়া ‘তুফান’ ছবির অন্যতম আকর্ষণ তাই চঞ্চল চৌধুরীতেই ছিল। আগেই এ অভিনেতা জানিয়েছিলেন, এ তুফান সিনেমায় তাঁকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। যে চরিত্র অন্যরকম কিছু ঘটাবে। দর্শকদের সিনেমাটিতে বাড়তি উন্মাদনা দেব। হলোও তাই। মুক্তির পর চঞ্চল চৌধুরীতেও উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে। শাকিব খানের সিনেমায় আলাদা করে নিজেকে ভিন্নভাবেই হাজির করেছেন চঞ্চল। ঈদের দিন ‘তুফান’ উন্মাদনা নিজ চোখেই দেখেছেন এ অভিনেতা। নিজের সিনেমার প্রতি দর্শকদের এমন উন্মাদনা দেখে চঞ্চল চৌধুরী বলেন, “দর্শকদের যখন ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আমরা আমাদের ভেতর আলাদা গতি পাই, উৎসাহ পাই। ‘তুফান’ নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে খুব ভালো লাগছে। ছবিটি সুপারডুপার হিট হলে আরও বড় বড় প্রজেক্টে কাজ করব। সব সময়ই দর্শকদের জন্য অভিনয়টা করে যেতে চাই।”
ওয়েব সিরিজ থেকে সিনেমা
২০২২ সালে শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় ‘আগন্তুক’ ছবির। সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল। দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করা হয়। অবশেষে সেই ‘আগন্তুক’ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে এবারের ঈদুল আজহায়। ছবির পরিচালক সুমন ধর বলেন, ‘প্রথম ধাপে শুটিং করার তিন দিনের মাথায় আমরা এটিকে সিনেমা আকারে নির্মাণের প্রস্তুতি নিই। সেই সময় ইউনিট আরও বড় করি। সিনেমা আকারে শুটিং শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট একাত্তর বাজেট সমস্যায় পড়ে। দুই ধাপ কাজ শেষ করার পর শুটিং বন্ধ হয়ে যায়। পরে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র এসে বিনিয়োগ করে। ২০২৩ সালের শেষে এসে এর শুটিং শেষ হয়।’ শুরু থেকেই সিনেমার প্রচার-প্রচারণায় কোথাও পাওয়া যায়নি এর নায়িকা পূজা চেরীকে। ধারণা করা হচ্ছিল, ওয়েব ফিল্মের পারিশ্রমিক হিসেবে ছবির নায়িকা যে পারিশ্রমিক নিয়েছেন, সিনেমায় সেটি দ্বিগুণ হবে। সিনেমা ঘোষণা দেওয়ার পর নায়িকার পারিশ্রমিক বাড়েনি। সে কারণে নাকি ছবিটি নিয়ে নায়িকার কোনো প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। অবশেষে সিনেমাটি দেখতে হলে আসেন পূজা চেরী। এসে বলেন, ‘সত্যি কথা বলতে এই কাজটি আমরা ওয়েব ফিল্ম হিসেবেই শুরু করেছিলাম। হঠাৎ করে আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। সাধারণ সিনেমা হয়ে যায় ওয়েব ফিল্মের মতো কিন্তু আমরা ওয়েব ফিল্ম করতে গিয়ে সিনেমা বানিয়ে ফেলেছি। নিশ্চয় গল্পে সিনেমার মতো কিছু আছে বলেই এটা সিনেমা হয়ে গেছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’
মাত্র দুই হল পায় ঈদের যে সিনেমা
সারা বছর ৬০-৭০টি প্রেক্ষাগৃহ সচল থাকলেও, ঈদকে কেন্দ্র করে চালু হয় বেশ কিছু পুরোনো হল। সব মিলিয়ে প্রায় দুই শতাধিক সিনেমা হল সচল থাকে ঈদে। মূলত ঈদের ছবিগুলো প্রদর্শনের জন্যই হলগুলো সচল করা হয়। শুনে চমকে যাবেন, এই ২০০ হলের মধ্যে মাত্র দুটি হলে মুক্তি পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারের এ দুই হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম সপ্তাহেই কেন মাত্র দুটি হল পেল ছবিটি! স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর ও রাজশাহী শাখায় কেন ছবিটি শো পাবে না? অথবা শহরে ও বন্দরে আরও একাধিক মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানেও কেন সিনেমাটি স্থান পায়নি। এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা অনেকটাই চুপ। শুধু বলছেন, ‘হল সংকট। কয়েকটা দিন অপেক্ষা করতে বলছেন সবাই।’ এদিকে হল সংখ্যা দুটো হলেও ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে দর্শকের। সিনেমার গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি। এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবেন।’
সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ববি, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরীসহ অনেকেই।
পুলিশ চরিত্রে প্রথমবার
২০২১ সালের জুনে শুরু হয়েছিল ‘রিভেঞ্জ’ ছবির শুটিং। করোনার লকডাউনের সময় শুটিং বন্ধ থাকলেও পরে শুটিং শেষ করা হয়। সেই ‘রিভেঞ্জ’ ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে। এমডি ইকবাল পরিচালিত ছবিটি ১৫টি হলে মুক্তি পেয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউর রোশান ও শবনম বুবলী। ছবিটির মাধ্যমে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বুবলী। নায়িকা জানালেন, ‘আমি এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজটি করতে অনেক হোমওয়ার্ক করতে হয়েছিল।’ সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে। সিনেমাটি দর্শক রেসপন্স কেমন– জানতে চাইলে বুবলী বলেন, ‘কোরবানির ব্যস্ততার কারণে সিনেমাটি দেখতে হলে যেতে পারিনি। তবে আমার কাছের যারা দেখেছেন তারা পুলিশ চরিত্রটির প্রশংসা করেছেন। দ্বিতীয় সপ্তাহে হল বাড়লে কতটা রেসপন্স পাওয়া যায় সেটাই দেখার বিষয়।’
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








