ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ছবির খোঁজ খবর
প্রবাস নিউজ ডেস্কঃ
ঈদুল আজহা আসতে আর বাকি প্রায় তিন সপ্তাহ। তাই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর জোর প্রচারণায় নামার প্রস্তুতি নিতে শুরু করেছে। কোনো ছবির টিম থেকে শুটিংয়ের ছবি লিক করে আলোচনা তৈরির চেষ্টা করছে, কোনো টিম আবার প্রকাশ করছে পোস্টার, টিজার বা সিনেমাসংশ্লিষ্ট নানা তথ্য। মোট কথা আলোচনায় থাকতে নানাভাবে এগিয়ে আসছে ঈদের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো।
তবে গত ঈদুল ফিতরের মতো ডজনখানেক ছবি এবার মুক্তির প্রস্তুতিতে নেই। গত ঈদুল ফিতরে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল; যা বিগত কয়েক বছরের সংখ্যায় সর্বোচ্চ। ফলে কোনো ছবিই ব্যবসায়িক দিকে থেকে তেমন সফল হতে পারেনি। তাই এবারের ঈদুল আজহায় মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত ঈদুল আজহায় মুক্তির জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ‘তুফান’, ‘জংলি’ ও ‘ময়ূরাক্ষী’–এ তিনটি ছবি।
প্রচার-প্রচারণায়ও এ তিন সিনেমার বাইরে কাউকেই তেমন দেখা যাচ্ছে না। এ তিন ছবির মধ্যে তুফান ও জংলির পোস্টার লুক, শুটিং সেট থেকে ফাঁস হওয়া অভিনেতার ছবি, ছবির ফেনমেড পোস্টার ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে। দুই ছবির শুটিঙের কাজও দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি জমিয়ে চলছে প্রচারণাও।
জংলি ছবির নির্মাতা এম রাহিম জানালেন, তাঁর সিনেমার শুটিং ৮০ ভাগ শেষ। দুই-তিন দিনের মধ্যেই বাকি কাজের শুটিং শেষ হয়ে যাবে। শুটিংয়ের পাশাপাশি চলছিল ছবিটির এডিটিংয়ের কাজও। এখনও ডাবিং চলছে। নির্মাতার ভাষ্য, ‘জংলি খুব গোছানো একটা টিম। এর শুটিং শুরুর ছয় মাস আগে থেকেই প্রিপ্রোডাকশনের কাজ শুরু করেছিলাম। তাই খুব সুন্দরভাবে সিনেমার শুটিং শেষ করতে পারছি। শুটিংয়ের পাশাপাশি পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। একদিকে শুটিং, পাশাপাশি সম্পাদনার কাজও চলছে। আমরা ঈদে মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে সবাই কাজ করছি। আশা করি দর্শককে দারুণ একটি ছবি উপহার দিতে পারব।’ সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে আছেন বুবলী। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
এদিকে গত মাসের মাঝামাঝি থেকে ভারতে ‘তুফান’ ছবির শুটিং শুরু হয়। ইতোমধ্যে ছবিটির ক্যামেরা ক্লোজ। শুটিংয়ের পাশাপাশি সম্পাদনাও এগিয়েছে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি চালাতে বেশ আগ্রহী হল মালিকেরা। অনেকে যোগাযোগ শুরু করেছেন। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিতে তুফান চরিত্রে আছেন শাকিব খান। আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ভারতের মিমি চক্রবর্তী প্রমুখ।
ঈদুল আজহায় মুক্তির চূড়ান্ত ঘোষণা দেওয়া আরও একটি ছবি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, তাঁর পরিচালিত ‘ময়ূরাক্ষী’ও ঈদুল আজহায় মুক্তি পাবে। এরই মধ্যে ছবির পোস্টার লুক ও টিজার প্রকাশিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ববি, সুদীপ বিশ্বাস, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, সমু চৌধুরী প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








