ঢাকা, ২০২৬-০৭-২৭ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

ডেইলি সোপ দিয়ে শুরু, অভিনয় করেছেন শতাধিক একক নাটকে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৩৯, ৮ এপ্রিল ২০২৪  

২০১৯ সালে শুরু করেছিলেন দীপ্ত টিভির একটি ডেইলি সোপে অভিনয়। সেটির নাম ছিল ‘মান অভিমান’। সপ্তাহে ছয় দিন দেখাত সেই দীর্ঘ ধারাবাহিক। সেখানেই প্রথম অভিনয় করেছিলেন ইফফাত আরা তিথি।

অবশ্য বাবা নাট্য নির্মাতা হওয়ার সুবাধে শিশুশিল্পী হিসেবে টুকটাক অভিনয় করেছেন। বেশ কিছু টিভিসি ওভিসিতেও দেখা গেছে তাঁকে। তবে তিথির কাছে ‘আনুষ্ঠানিক’ অভিনয় ওই ‘মান অভিমান’ই।

তারপর আর থেমে থাকতে হয়নি তিথিকে।

সিরিয়াল শেষ হয়েছে; কিন্তু নিয়মিত অভিনয় চলছে তিথির। এখন অবধি শতাধিক একক নাটকে অভিনয় করেছেন এই তরুণ শিল্পী।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আস্তে আস্তে আমার কাজের পরিধি বাড়ছে। এখন পর্যন্ত শতাধিক নাটক করেছি।

এর মধ্যে আসছে ঈদের জন্যই নির্মিত হয়েছে ১০-১২টি নাটক। তবে সবগুলো হয়তো প্রচার হবে না। সাত-আটটি তো হবেই।’

এই নাটকগুলোর অধিকাংশতেই অভিনেত্রী তিথির সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা যাহের আলভী। এ ছাড়াও এখনো বেশ কিছু নাটকের শুটিং চলছে।

নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী তিনি। অভিনেত্রীর ভাষ্য, নিজের সর্বোচ্চ কারিশমা দর্শকদের দেখাতে পারবেন তিনি। নাটকগুলোতে থাকছে ভিন্ন চরিত্র এবং ভিন্ন গল্প। ট্রেন্ডি গল্প থেকে বের হয়ে গল্পনির্ভর কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথি বলেন, ‘আমি শুরু থেকেই কম কাজ করি। তবে সেগুলো যেন দর্শকদের মাঝে আনন্দ দেয় সেই চিন্তা করেই করি। আমার কাজে যেন দর্শক প্রশংসা করে। আশা করি ঈদের নাটকগুলো দর্শক পছন্দ করবে।’

আসন্ন ঈদে ইফফাত আরা তিথি অভিনীত মুক্তি প্রতীক্ষিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো বিচার, সেলফোনে বৃষ্টি, সাধারণ পরিবহন, খাদক, গাইয়্যা, ভাবির ভাতের হোটেল।

তিনি বলেন, ‘নিয়মিত অভিনয় করতে চাই। সেটি সিরিয়াল হোক বা একক নাটক।’

সর্বশেষ
জনপ্রিয়